শুরুটা ছিল দুরন্ত। পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পরবর্তীতে চলতি টি-২০ বিশ্বকাপের তৃতীয় ম্যাচে পরাজিত হতে হয় ভারতকে। প্রোটিয়াদের বিরুদ্ধে মেন ইন ব্লুজ-এর পারফর্মেন্সে অধিকাংশই সংশয় প্রকাশ করলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের চোখে নেতিবাচক কিছুই পড়ছে না। তিনি সাফ জানান, একটা ম্যাচ হেরেই বিচলিত হওয়ার কিছু নেই।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালের বিশ্বকাপেও আফ্রিকানদের কাছে হারে ভারত। ওই ৫০ ওভারের ওয়ার্ল্ড কাপে ভারত, দক্ষিণ আফ্রিকার সামনে ২৯৭ রানের টার্গেট রাখে। যেখানে দক্ষিণ আফ্রিকা দল একই ভাবে ২ বল বাকি থাকতে ম্যাচ জেতে। চলতি বছরের টি-২০ বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকা দুই বল বাকি থাকতে জয়লাভ করে। এতদ্বারা কিছু একটা সংযোগের ইঙ্গিত তো মিলছেই।
বাংলার ক্রিকেট সংস্থার বার্ষিক সাধারাণ সভায় উপস্থিত হয়ে ভারতীয় দল প্রসঙ্গে সৌরভের উবাচ, ‘এই পর্যন্ত ভারত একটা মাত্র ম্যাচ হেরেছে। একটা হারে কিচ্ছু যায় আসে না। ওরা ভালো দল। আমি নিশ্চিত ওরা ঘুরে দাঁড়াবে এবং সেমিফাইনালে জায়গা করে নেবে। একবার সেমিফাইনালে উঠলে বাকিটা দু’ম্যাচের বিষয়।’






