ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নিজের শহরেই ঘটল এক নজিরবিহীন ঘটনা। পর্তুগালের মাদেইরা দ্বীপে খোদ সিআর সেভেনের ব্রোঞ্জ মূর্তিতে আগুন ধরিয়ে দিল এক উশৃঙ্খল যুবক। এখানেই শেষ নয়, মূর্তিতে আগুন লাগিয়ে সেই যুবক যেভাবে উল্লাস করেছে এবং ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়েছে, তা দেখে হতবাক ক্রীড়াপ্রেমীরা। গোটা ফুটবল বিশ্বে এই ঘটনা নিয়ে এখন তীব্র চর্চা চলছে।
ঘটনাটি ঘটেছে মাদেইরার রাজধানী ফুনশালে অবস্থিত ‘সিআর সেভেন মিউজিয়াম’ এর ঠিক সামনে। ২০১৪ সালে ঘটা করে এই মূর্তিটির উন্মোচন করেছিলেন স্বয়ং রোনাল্ডো। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবক প্রথমে মূর্তির গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এরপর সে কিছুটা দূরে সরে গিয়ে উচ্চৈঃস্বরে র্যাপ গান চালিয়ে বিকট অঙ্গভঙ্গি করে নাচতে শুরু করে। নিজেকে স্থানীয় বাসিন্দা ও ফ্রিস্টাইলার হিসেবে পরিচয় দেওয়া এই যুবকের কাণ্ড দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। ভিডিওর ক্যাপশনে সে আবার ‘ঈশ্বরের শেষ সতর্কবার্তা’ লিখে এক রহস্যময় বার্তাও দিয়েছে।
মাদেইরা পুলিশ অবশ্য অভিযুক্তকে চিনে ফেলেছে। তারা জানিয়েছে, এই যুবক আগেও এই ধরনের বিশৃঙ্খল ঘটনায় জড়িত ছিল। যদিও তাকে এখনো হাতেনাতে ধরা যায়নি, তবে তল্লাশি শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মূর্তিতে আগুন ধরলেও তা খুব বেশি সময় স্থায়ী হয়নি এবং দ্রুত নিভে যায়। ফলে ভাস্কর্যটির বড় কোনো ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন মিউজিয়াম কর্তৃপক্ষ। এই মুহূর্তে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি মিউজিয়ামের কোনো কর্মকর্তা। রোনাল্ডোর মূর্তিতে এমন আক্রমণ এই প্রথম নয়। এর আগে ২০১৬ সালেও একবার ভাঙচুরের শিকার হয়েছিল এটি, যার ফলে মূর্তিটি আগের জায়গা থেকে সরিয়ে বর্তমান নিরাপদ স্থানে আনা হয়েছিল। কিন্তু এবার খোদ নিজের জন্মভূমির মানুষের এমন আচরণে ক্ষোভে ফেটে পড়েছেন সিআর সেভেনের অগণিত ভক্ত। সামাজিক মাধ্যমে অনেকেই লিখছেন, নিছক সস্তা জনপ্রিয়তা বা লাইক পাওয়ার লোভে মানুষ কতটা নিচে নামতে পারে, এটা তার প্রমাণ। কেউ কেউ আবার ওই যুবকের মানসিক চিকিৎসা করানোরও দাবি তুলেছেন।






