খেলাধুলা

ডার্বির আগে কাঙ্খিত জয়, আত্মবিশ্বাসে তুঙ্গে সবুজ মেরুন শিবির

ডার্বির আগে গা ঝাড়া দিয়ে তৈরি মোহনবাগান সুপার জায়ান্ট। ১৯ জুলাই কলকাতা লিগের বহু প্রতীক্ষিত ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির ঠিক আগে কালীঘাট এমএসের বিরুদ্ধে ম্যাচটা ছিল সবুজ-মেরুন শিবিরের জন্য মহড়া। সেই পরীক্ষাতেই সফল ডেগি কার্ডোজার দল। প্রতিপক্ষ কালীঘাট মিলন সংঘকে ২-১ গোলে হারিয়ে শুধু তিন পয়েন্টই নয়, সঙ্গে আত্মবিশ্বাসও ঝুলিতে পুরেছে মোহনবাগান।

খেলার শুরুতেই ছন্দে ছিল মোহনবাগান। পাসাং দোরজি তামাংয়ের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু ১৮ মিনিটেই কালীঘাটের হয়ে সমতা ফেরান সুরজিৎ হালদার। দূরপাল্লার শটে তাঁর গোল ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। এরপর কালীঘাট কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে। নাসিরুদ্দিন মোল্লা ও দেবা দত্তের দৃষ্টিনন্দন মুভ বাগান ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে তোলে। তবে গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে আরও বেশি মনঃসংযোগ নিয়ে নামে মোহনবাগান। পাসাং, টংসিন ও করণ রাই মিলে তৈরি করেন একের পর এক আক্রমণ। ৬৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন করণ রাই। ম্যাচে আর গোল না হলেও বল পজিশন ও খেলার নিয়ন্ত্রণ ছিল সবুজ-মেরুনের হাতেই। গোলরক্ষক শুভজিৎ ঘোষও দারুণ কিছু সেভ করেন।

এই জয় শুধু তিন পয়েন্ট নয়, ডার্বির আগে মানসিকভাবে এগিয়ে রাখল মোহনবাগানকে। শনিবার কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে এই জয় বাড়তি অক্সিজেন হয়ে উঠল সবুজ-মেরুন ব্রিগেডের কাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.