বড় ম্যাচের ঠিক আগে ছন্দহীন, পরিকল্পনাহীন ফুটবলে আত্মবিশ্বাসে ধাক্কা খেল ইস্টবেঙ্গল। কলকাতা লিগে কাস্টমসের সঙ্গে ড্রয়ের পর পাঠচক্রের বিরুদ্ধে ম্যাচটা ছিল ঘুরে দাঁড়ানোর সুযোগ। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল ডেভিড মতলার একমাত্র গোল। ব্যারাকপুর স্টেডিয়ামে ০-১ ব্যবধানে হেরে ডার্বির আগে কার্যত চাপে পড়ে গেল বিনো জর্জের লাল-হলুদ ব্রিগেড।
ম্যাচ জুড়ে ইস্টবেঙ্গলের খেলা ছিল এলোমেলো, রক্ষণভাগে ছিল ধারাবাহিক ভুল। ম্যাচের ৮৭ মিনিটে ডেভিড মতলা এই দুর্বলতারই সুযোগ নেন। ইস্টবেঙ্গল রক্ষণভাগের ভুল বোঝাবুঝিতে বল পেয়ে গোলরক্ষক আদিত্য পাত্রকে ফাঁকি দিয়ে পাঠচক্রকে এগিয়ে দেন। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
ইস্টবেঙ্গলের ফুটবলে ছিল না পরিকল্পনা, না কোনও গতি। দলে গোল করার মতো নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাব স্পষ্ট। ম্যাচের অন্তিম মুহূর্তে সমতা ফেরানোর একটি সুযোগ পেলেও পাঠচক্রের গোলরক্ষক অর্ণব দাস তা আটকে দেন দুর্দান্ত দক্ষতায়। গত ম্যাচের মতো এই ম্যাচেও বারবার অকার্যকর আক্রমণে ভুগেছে লাল-হলুদ ব্রিগেড।
অন্য দিকে, পাঠচক্র এবার কলকাতা লিগে একেবারে অন্য মেজাজে। চার ম্যাচে চার জয়, একটি গোলও খায়নি তারা। রক্ষণভাগের দৃঢ়তা এবং অর্ণবের দাপটে অপ্রতিরোধ্য হয়ে উঠছে মামণি পাঠচক্র। ডার্বির আগে ইস্টবেঙ্গলের হারের ধাক্কা এখন দলকে কতটা চাঙা করতে পারে, সেটাই দেখার।







