আইপিএলের মাঝেই মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে নতুন বিতর্ক। ভারতের প্রাক্তন অধিনায়ককে সরাসরি না নাম করেও তীব্র সমালোচনা করলেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাওস্কর। তাঁর বক্তব্যে ফুটে উঠেছে এক গভীর আশঙ্কা—দেশীয় ক্রিকেটের শিকড় ক্রমেই দুর্বল হয়ে পড়ছে অতিরিক্ত আর্থিক প্রলোভনের কারণে, যার সূচনা ধোনিকে কেন্দ্র করেই হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
গাওস্করের মূল অভিযোগ, ধোনির জন্য বোর্ড ‘আনক্যাপড’ ক্রিকেটারদের পারিশ্রমিকের সীমা বাড়িয়েছে। আগে যেখানে তুলনায় কম অর্থে এসব ক্রিকেটারকে দলে নেওয়া যেত, সেখানে এখন ৪ কোটি টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। চেন্নাই সুপার কিংসও ধোনিকে এই তালিকায় রেখে সেই সুযোগ নিয়েছে। গাওস্করের মতে, এই নতুন আর্থিক নিয়ম তরুণদের খেলার ইচ্ছার বদলে অর্থ উপার্জনের প্রবণতাকে উস্কে দিচ্ছে।
তিনি সাফ জানান, “আজকের দিনে অনেক ঘরোয়া ক্রিকেটার আইপিএলে কোটি কোটি টাকা পাচ্ছে। এতে ওদের রানের খিদে কমছে, আত্মতৃপ্তি তৈরি হচ্ছে। ফলে জাতীয় দলের উপযোগী মানসিকতা তৈরি হচ্ছে না।” গাওস্করের এই পর্যবেক্ষণ নিঃসন্দেহে বোর্ড ও নির্বাচকদের ভাবনার কারণ হয়ে দাঁড়াতে পারে।
তিনি আরও বলেন, “আমি মনে করতে পারছি না, নিলামে বিপুল অর্থে বিক্রি হওয়া কোনও আনক্যাপড ক্রিকেটার ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে। এতে খেলোয়াড়দের উপর চাপ বাড়ে, সাফল্য না এলে তারা হারিয়ে যায়।”
তাঁর পরামর্শ, বোর্ডকে আবারও আনক্যাপড ক্রিকেটারদের পারিশ্রমিক সীমিত করতে হবে। তাহলেই খেলোয়াড়রা মাঠে নিজেকে প্রমাণের তাগিদ অনুভব করবে। দীর্ঘমেয়াদে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ রক্ষার জন্য এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছে বলেই মনে করছেন গাওস্কর।







