খেলাধুলা

রক্ষণ হারাল তার প্রহরীকে, লাল-হলুদ প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাশার জীবনাবসান

ময়দানে শোকের কালো মেঘ। কাকতালীয়ভাবে, চার বছর আগে ঠিক আজকের দিনেই (২২ জানুয়ারি) চিরবিদায় নিয়েছিলেন কিংবদন্তি সুভাষ ভৌমিক। সেই শোকের দিনেই এবার স্মৃতি হয়ে গেলেন ইস্টবেঙ্গল রক্ষণের এক সময়ের ‘পাথর’ ইলিয়াস পাশা। বৃহস্পতিবার ভোরে বার্ধক্যজনিত অসুস্থতার কাছে হার মেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লাল-হলুদ জনতার এক সময়ের নয়নমণি।

ভারতীয় ফুটবলে বেঙ্গালুরু বরাবরই বড় মাপের প্রতিভা উপহার দিয়েছে। আমেদ খান থেকে শুরু করে উলগানাথান কিংবা চ্যাপম্যান সেই তালিকারই এক উজ্জ্বল নাম ছিলেন ইলিয়াস পাশা। ১৯৮৯ সালে মহামেডানের হাত ধরে কলকাতায় পা রাখলেও, তাঁর কেরিয়ারের স্বর্ণযুগ কেটেছে ইস্টবেঙ্গলে। ১৯৯০ থেকে ১৯৯৮ টানা নয় বছর রাইট ব্যাক পজিশনে তিনি ছিলেন বিপক্ষ ফরোয়ার্ডদের যম। ১৭ নম্বর জার্সি গায়ে তাঁর সেই ডানপ্রান্ত দিয়ে ওভারল্যাপ করে আক্রমণ শানানো আজও প্রবীণ সমর্থকদের চোখে লেগে আছে।

১৯৯৩ সালে ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব করার গৌরব অর্জন করেছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই ইরাকের শক্তিশালী ক্লাব আল জাওরাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছিল মশাল বাহিনী। কাঠমান্ডু থেকে সেবার ওয়াই ওয়াই কাপও ঘরে তুলেছিলেন তিনি। লাল-হলুদ জার্সিতে তাঁর ট্রফির সংখ্যা ঈর্ষণীয় ছ’টি কলকাতা লিগ থেকে শুরু করে ডুরান্ড, রোভার্স কিংবা ফেডারেশন কাপ, কী জেতেননি তিনি! ১৯৯৬ সালের ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে পেনাল্টি থেকে করা তাঁর গোলটি আজও স্মৃতিচারণ করেন লাল-হলুদ সমর্থকরা। তবে মাঠের সাফল্যের বাইরে মানুষ ইলিয়াস পাশা ছিলেন একেবারেই প্রচারবিমুখ। কেবল খেলার টানে বড় বড় চাকরির প্রস্তাব তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন। যার মাশুল হয়তো তাঁকে দিতে হয়েছিল জীবনের শেষ প্রান্তে এসে। চরম আর্থিক অনটন সঙ্গী হয়েছিল তাঁর। সেই দুঃসময়ে ইস্টবেঙ্গল ক্লাব তাঁর পাশে দাঁড়িয়েছিল। আজ তাঁর প্রয়াণে ময়দানের এক লড়াকু সৈনিকের অধ্যায় শেষ হলো। ক্লাব তাঁবুতে আজ শোকের ছায়া, পতাকাকে অর্ধনমিত রাখা হয়েছে প্রিয় অধিনায়কের সম্মানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.