খেলাধুলা

মাঠে গড়াল না বিপিএল-এর বল,নাজমুলকে ছেঁটে ফেলে ড্যামেজ কন্ট্রোলে নামল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেটে চলা নজিরবিহীন অচলাবস্থার অবশেষে অবসান হতে চলেছে। ক্রিকেটারদের সংগঠন কোয়াব-এর কঠোর অবস্থানের সামনে কার্যত মাথা নোয়াতে বাধ্য হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, বিসিবি-র অর্থ কমিটির প্রভাবশালী সদস্য নাজমুল ইসলামকে তাঁর সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনও সরকারিভাবে সিলমোহর পড়েনি, তবে ওপার বাংলার সংবাদমাধ্যমগুলি নিশ্চিত করেছে যে বিসিবি এই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

পুরো গণ্ডগোলটা পেকেছিল নাজমুল ইসলামের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেছিলেন, ক্রিকেটাররা বিশ্বকাপে গিয়ে কিছুই করতে পারেন না, অথচ বোর্ড তাঁদের পেছনে কোটি কোটি টাকা ঢালে। তাঁর এই চরম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে জ্বলে ওঠেন শাকিব-লিটনরা। কোয়াব সাফ জানিয়ে দেয়, নাজমুল পদত্যাগ না করলে বাংলাদেশে আর কোনো ক্রিকেট ম্যাচ হবে না। এমনকি বৃহস্পতিবার বিপিএল-এর ম্যাচে নোয়াখালি ও চট্টগ্রামের ক্রিকেটাররা মাঠে পর্যন্ত নামেননি, যার ফলে ভেস্তে যায় টস।

পরিস্থিতি সামাল দিতে ঢাকায় এক হোটেলে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন ক্রিকেটাররা। সেখানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মুস্তাফিজুর রহমানকে পাশে নিয়ে কোয়াব সভাপতি মহম্মদ মিঠুন জানিয়ে দেন, ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলকে সরানোর আনুষ্ঠানিক ঘোষণা না এলে তাঁরা মাঠে ফিরবেন না। মিঠুন ক্ষোভ উগরে দিয়ে বলেন, “একজন পরিচালক হয়ে তিনি যেভাবে আইসিসি ট্রফি জয় বা ক্রিকেটারদের আত্মসম্মান নিয়ে কুরুচিকর কথা বলেছেন, তা পুরো ক্রিকেট মহলের জন্য লজ্জাজনক।”বাশুধু এই মন্তব্যই নয়, ক্রিকেটারদের ক্ষোভের তালিকায় আরও অনেক কিছু ছিল। বিপিএল থেকে নয়জন ক্রিকেটারের আকস্মিক বাদ পড়া, ঘরোয়া লিগের বেহাল দশা এবং মহিলা ক্রিকেটার জাহানারা আলমের যৌন হেনস্থার অভিযোগ নিয়ে বোর্ডের গড়িমসি সবকিছু মিলিয়েই বিসিবি-র ওপর ক্ষুব্ধ ছিলেন ক্রিকেটাররা।

অবশেষে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় নমনীয় হয় বোর্ড। শুরুতে নাজমুলকে কারণ দর্শানোর চিঠি বা শোকজ পাঠানো হলেও, ক্রিকেটাররা তাতে শান্ত হননি। পরে তদন্ত শুরুর আশ্বাস দিয়ে বোর্ড ক্রিকেটারদের অনুরোধ করে দেশের স্বার্থে মাঠে ফিরতে। শেষমেশ নাজমুলকে সরিয়ে দেওয়ার খবর আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওপার বাংলার ক্রিকেট ভক্তরা। মনে করা হচ্ছে, এই সিদ্ধান্তের পর খুব দ্রুতই আবারও বিপিএল এর বল মাঠে গড়াবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.