ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ আইএসএল (ISL) নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে এবার কোমর বেঁধে নামল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। সোমবার থেকেই এই জট ছাড়াতে গঠিত তিন সদস্যের কমিটির তৎপরতা শুরু হচ্ছে। এই কমিটিতে আইএফএ সচিব অনির্বাণ দত্তর সঙ্গে রয়েছেন গোয়া ও কেরল ফুটবল সংস্থার শীর্ষ কর্তারা। হাতে সময় মাত্র এক সপ্তাহ। এই সাত দিনের মধ্যেই একটি গ্রহণযোগ্য প্রস্তাব তৈরি করে ক্লাবগুলোর কাছে পাঠানো হবে। যদি ক্লাবগুলো সবুজ সংকেত দেয়, তবে ফেব্রুয়ারি থেকেই মাঠে গড়াবে এবারের লিগ। আর তা না হলে, চলতি মরশুমে আইএসএল হওয়া নিয়ে বড়সড় সংশয় থেকেই যাচ্ছে।
আসলে ক্লাবগুলোর দেওয়া আগের প্রস্তাবগুলো নিয়ে ফেডারেশনের অন্দরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। বিশেষ করে ‘আজীবন চুক্তিতে’ বছরে মাত্র ১০ কোটি টাকা দেওয়ার যে শর্ত ক্লাবগুলো দিয়েছিল, তাতে প্রথম সরব হন অনির্বাণ দত্ত। তাঁর যুক্তি ছিল, আজ ১০ কোটি টাকার যে মূল্য, ৫০ বছর পর তা থাকবে না। এভাবে লিগের নিয়ন্ত্রণ ক্লাবগুলোর হাতে ছেড়ে দিলে ভারতীয় ফুটবলে রাজ্য সংস্থাগুলোর কোনো গুরুত্বই থাকবে না। অনির্বাণের এই আপত্তিতে সুর মেলায় গোয়া, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মতো রাজ্যগুলোও। পরিস্থিতি বেগতিক দেখে ফেডারেশনের বার্ষিক সভায় ক্লাবগুলোর প্রস্তাব একপ্রকার খারিজ করে দেওয়া হয়।
এখন প্রশ্ন হলো, নতুন রাস্তা কী? কমিটি প্রাথমিকভাবে ভেবেছে, যেহেতু এবার ক্লাবগুলোকে কোনো মোটা অঙ্কের ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হচ্ছে না, তাই টুর্নামেন্ট পরিচালনার খরচ বা ‘অপারেশনাল কস্ট’ বাবদ প্রতিটি ক্লাবকে ১ থেকে ২ কোটি টাকা দিতে হতে পারে। ক্লাবগুলো নিজেরাই যেহেতু যাতায়াত ও হোটেলের খরচ সামলায়, তাই ফেডারেশনের মূল চিন্তা এখন সম্প্রচার বা ব্রডকাস্টিং নিয়ে। ফেব্রুয়ারি মাসে তিনটি নির্দিষ্ট ভেন্যুতে খেলা হলে হয়তো কোনো চ্যানেল ম্যাচ দেখাতে রাজি হবে, তবে সেক্ষেত্রে উল্টে ফেডারেশনকেই প্রোডাকশনের খরচ গুনতে হতে পারে।
সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো ক্লাবগুলোর মানসিকতা। সব ক্লাব এই নতুন প্রস্তাব মেনে খেলতে রাজি হবে কি না, তা নিয়ে খোদ ফেডারেশন কর্তারাই সন্দিহান। এমনও হতে পারে, যারা রাজি হবে তাদের নিয়েই লিগ শুরু করে দেওয়া হবে। আপাতত লক্ষ্য হলো কোনোমতে ‘জোড়াতালি’ দিয়ে এবারের মরশুমটা পার করা। কারণ, আগামী বছর সেপ্টেম্বরে ফেডারেশনের নির্বাচন। নতুন কমিটি এলে হয়তো কোনো বড় বাণিজ্যিক সংস্থার সঙ্গে লম্বা সময়ের জন্য পাকাপাকি চুক্তি করে ভারতীয় ফুটবলকে নতুন দিশা দেখানো সম্ভব হবে।







