মাঠের লড়াকু মেজাজের আড়ালে যে কতটা গভীর ক্ষত লুকিয়ে ছিল, তা এতদিনে সামনে আনলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের সেই হার যে তাঁকে কতটা বিপর্যস্ত করে দিয়েছিল, তা নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে মনের আগল খুলে রোহিত জানালেন, আহমেদাবাদের সেই হারের পর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে ক্রিকেট ব্যাট চিরতরে তুলে রাখার কথাও ভেবেছিলেন।
রোহিতের কথায়, ২০২২ সালে নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পর থেকেই তাঁর ধ্যানজ্ঞান ছিল ঘরের মাঠের বিশ্বকাপ। কিন্তু ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে স্বপ্নভঙ্গের পর তাঁর মনে হয়েছিল, খেলার মতো রসদ আর তাঁর ভেতরে অবশিষ্ট নেই। তিনি ভেবেছিলেন, হয়তো এটাই ক্রিকেটে তাঁর শেষ দিন। একজন ক্রিকেটারের কাছে যে বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় আবেগ, তা হাতছাড়া হওয়ার পর নিজেকে স্বাভাবিক করতে তাঁর কয়েকমাস সময় লেগেছিল। সেই কঠিন সময়ে নিজের মানসিক লড়াইয়ের কথা এতদিন আড়ালেই রেখেছিলেন তিনি।
তবে সময় সব ক্ষত সারিয়ে দেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সেই ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন ঠিকই, কিন্তু ওয়ানডে ক্রিকেটে রোহিত এখনও অপ্রতিরোধ্য। সম্প্রতি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর ব্যাটে যে তেজ দেখা গিয়েছে, তা বুঝিয়ে দিচ্ছে ‘হিটম্যান’ এখনও ফুরিয়ে যাননি। ২০২৩-এর সেই না পাওয়ার যন্ত্রণা তাঁকে এখন আরও বেশি জেদি করে তুলেছে।
এখন রোহিতের পাখির চোখ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। বিরাট কোহলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আরও একবার বিশ্বজয়ের শেষ চেষ্টা করতে চান তিনি। ২৩-এর আক্ষেপ কি ২৭-এ সুদে-আসলে মিটিয়ে নিতে পারবেন রোহিত? ক্রিকেটপ্রেমীরা এখন সেই আশাতেই বুক বাঁধছেন।







