বিনোদন

মঞ্চে হেনস্থা প্রসঙ্গে মুখ খুললেন সানি লিওনি, মৌনীর পাশে দৃঢ় সমর্থন

খোলা মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে শারীরিক হেনস্থার অভিযোগ তুলেছিলেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। হরিয়ানার করনালে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। ঘটনার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে মৌনী জানান, অনুষ্ঠানের সময় কয়েক জন বয়স্ক ব্যক্তি তাঁর কোমরে হাত রেখে ছবি তোলার চেষ্টা করেন। বিষয়টি পছন্দ না হওয়ায় তিনি সরাসরি আপত্তি জানান এবং তাঁদের হাত সরিয়ে নিতে বলেন।

এই ঘটনায় মৌনীর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী সানি লিওনি। সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “সম্ভবত লোকগুলো মৌনীর খুব কাছে চলে এসেছিল। আমার ভালো লেগেছে, মৌনী বিষয়টির প্রতিবাদ করেছে। ওর জন্য আমি গর্বিত। বিষয়টি এড়িয়ে না গিয়ে সরব হওয়া জরুরি।”

‘Ragini MMS 2’-খ্যাত অভিনেত্রী আরও জানান, আমেরিকাতেও বহু তারকাকে এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। তবে ব্যক্তিগতভাবে তিনি মৌনীর মতো পরিস্থিতির মুখে পড়েননি বলেই জানান সানি। তাঁর কথায়, “মঞ্চে পারফর্ম করার সময় আমি নিজের জগতে থাকি। সাত-আট মিনিটের অনুষ্ঠান করি, তারপর নেমে আসি। চারপাশে কী হচ্ছে, অনেক সময় খেয়ালই করি না।”

উল্লেখ্য, ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মৌনী। তাঁর বক্তব্য, “আমার মতো একজনকে যদি এই পরিস্থিতিতে পড়তে হয়, তাহলে নতুন মেয়েদের কী অবস্থা হয়, তা কল্পনা করতে পারছি না। আমি অপমানিত ও আতঙ্কিত।”

ঘটনাটি ফের একবার মঞ্চের নিরাপত্তা ও শিল্পীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। বিনোদন জগতের একাংশের মতে, প্রকাশ্যে অনুষ্ঠান করার সময় শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.