দেশ

কলকাতা-বারাণসী হাইওয়ে নির্মাণে জোর, ১৫ দিনের মধ্যে জট কাটানোর নির্দেশ মুখ্যসচিবের

রাজ্যে জাতীয় সড়ক নির্মাণের কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে তৎপর প্রশাসন। সেই লক্ষ্যেই শনিবার নবান্নে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI), ভূমি ও ভূমি রাজস্ব দফতর এবং বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল।

বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বহু প্রতীক্ষিত কলকাতা-বারাণসী জাতীয় সড়ক প্রকল্পে। উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে গেলেও পশ্চিমবঙ্গে জমি অধিগ্রহণ, প্রযুক্তিগত ছাড়পত্র এবং অন্যান্য প্রশাসনিক জটিলতার কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। মুখ্যসচিব স্পষ্ট নির্দেশ দেন, প্রকল্পের অগ্রগতিতে যে সব বাধা রয়েছে, সেগুলি দ্রুত চিহ্নিত করে নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করতে হবে।

একই সঙ্গে খড়গপুর-মোড়গ্রাম জাতীয় সড়ক প্রকল্প নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিভিন্ন রেল ওভারব্রিজ (ROB)-এর নির্মাণকাজ জমি সংক্রান্ত সমস্যা, ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় এনওসি না মেলায় আটকে রয়েছে। এই সমস্ত সমস্যার নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দফতর ও জেলা প্রশাসনকে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে উত্তরবঙ্গের জাতীয় সড়ক প্রকল্পগুলিও আলোচনায় উঠে আসে। বনাঞ্চল সংলগ্ন এলাকায় কাজের ক্ষেত্রে যে প্রশাসনিক ও পরিবেশগত সমস্যা তৈরি হয়েছে, তা দ্রুত সমাধানের ওপরও জোর দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রের খবর, বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সব জাতীয় সড়কের কাজ চলছে, তার অগ্রগতি সন্তোষজনক হলেও নির্মাণের গতি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় রেখে দীর্ঘদিনের জট কাটিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.