দিঘায় নির্মীয়মান ‘জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র’ নিয়ে বিতর্কের ঝড় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিডকোর তরফে পাঠানো আমন্ত্রণপত্র হাতে পাওয়ার পর এক্স হ্যান্ডেলে একাধিক প্রশ্ন তুলে ধরেছেন তিনি।
প্রথমত, টেন্ডারে ‘সংস্কৃতি কেন্দ্র’ লেখা থাকলেও আমন্ত্রণপত্রে ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠান লেখা নিয়ে তিনি বিভ্রান্তি প্রকাশ করেন। জানতে চান, এটি কি আসলে সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন, না জগন্নাথ মন্দিরের? তাঁর দাবি, এই বিভ্রান্তি দূর করতে আমন্ত্রণপত্র পুনর্মুদ্রণ অথবা লিখিত ব্যাখ্যা প্রয়োজন।
দ্বিতীয়ত, WBHIDCO-র আমন্ত্রণ প্রসঙ্গে শুভেন্দু জানতে চান, এই সংস্থাই কি ভবিষ্যতে মন্দিরের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে? বর্তমানে হিডকোর চেয়ারম্যান কে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ওয়েবসাইটে এখনও ফিরহাদ হাকিমের নাম থাকার কারণ জানতে চেয়েছেন।
তৃতীয়ত, মন্দিরে ভক্তদের দেওয়া দান কোথায় জমা হবে, তা নিয়েও প্রশ্ন করেন শুভেন্দু। হিডকোর আয় না মন্দিরের সম্পত্তি— তা স্পষ্ট না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
চতুর্থত, নিয়োগ প্রক্রিয়া ধর্মনিরপেক্ষ হবে কি না, তাও জানতে চান তিনি। কোনও ধর্মীয় পক্ষপাত থাকবে কি না, সেই প্রশ্নও তোলেন।
সবশেষে, পুরীর আদলে নির্মিত এই মন্দিরে হিন্দু নয় এমন ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ হবে কি না, তা নিয়েও ব্যাখ্যা দাবি করেছেন শুভেন্দু। সমস্ত প্রশ্নের সদুত্তর না পেলে তিনি অনুষ্ঠানে যোগ দেবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছেন।







