বিদেশ

ইদের আগে বাংলাদেশে চর্চার কেন্দ্র ‘ডোনাল্ড ট্রাম্প’! ভাইরাল শ্বেতাঙ্গ মহিষকে দেখতে উপচে পড়ছে ভিড়

বাংলাদেশে ইদের আগে এবার চর্চার কেন্দ্রে কোনও রাজনৈতিক নেতা নন, বরং এক ‘শ্বেতাঙ্গ’ মহিষ। দেখতে নাকি অনেকটাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মতো! আর সেই কারণেই তার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

ঢাকার কাছে নারায়ণগঞ্জের একটি খামারে থাকা এই বিশাল আকৃতির মহিষটিকে ঘিরে এখন তুমুল কৌতূহল। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষকে একবার চোখের দেখা দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছেন খামারের সামনে। কেউ সেলফি তুলছেন, কেউ আবার দূর জেলা থেকে শুধুমাত্র ‘ট্রাম্প’কে দেখতেই ছুটে আসছেন। ছোটদের মধ্যেও কৌতূহল তুঙ্গে।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানিয়েছেন, বিশেষ ধরনের শ্বেতী সমস্যার কারণেই মহিষটির গায়ের রং এত আলাদা। শান্ত স্বভাবের এই প্রাণীটিকে পরিবারের সদস্যের মতোই যত্ন করে বড় করেছেন তাঁরা। দিনে চারবার স্নান, একাধিকবার খাবার— সব মিলিয়ে রাজকীয় যত্নেই দিন কাটত ‘ট্রাম্প’-এর।

তবে অতিরিক্ত ভিড় ও মানুষের কৌতূহলে এখন নাকি বেশ অস্বস্তিতে রয়েছে মহিষটি। খামার সূত্রে দাবি, অবিরাম দর্শনার্থীদের কারণে তার ওজনও কিছুটা কমেছে। সেই কারণেই দর্শনের ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ আনা হচ্ছে।

ইদের আগেই অবশ্য বিক্রি হয়ে গিয়েছে ভাইরাল এই মহিষ। খুব শীঘ্রই কোরবানিও হওয়ার কথা তার। সেই প্রসঙ্গে আবেগঘন মন্তব্য করেছেন জিয়াউদ্দিন। তাঁর কথায়,
“আমি ডোনাল্ড ট্রাম্পকে খুব মিস করব। কিন্তু কোরবানির আসল অর্থই তো ত্যাগ।”

শুধু ‘ট্রাম্প’ই নয়, ভাইরাল হয়েছে আরও একটি মহিষ। তার নাম রাখা হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু -র নামে— ‘নেতানিয়াহু’। খামারের কর্মীদের দাবি, অত্যন্ত দুষ্টু স্বভাবের বলেই এমন নামকরণ।

দুই মহিষকে ঘিরেই এখন সোশাল মিডিয়ায় মিম, ট্রোল এবং হাস্যরসের বন্যা। ইদের আগে এই ‘রাজনৈতিক’ নামের মহিষ দুটিকে ঘিরে তাই বাংলাদেশে তৈরি হয়েছে এক অন্যরকম উন্মাদনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.