খেলাধুলা

আরসিবির হারেও লাভ! অঙ্ক কষেই শীর্ষে কোহলিরা, কোয়ালিফায়ারে বাড়তি সুবিধা

লক্ষ্য ছিল বিশাল — ২৫৬ রান। কিন্তু রান তাড়া করতে নেমে ১০ ওভারের পর থেকেই যেন জয়ের চেষ্টা ছেড়ে দিল আরসিবি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বেঙ্গালুরুর ব্যাটিং দেখে অনেকেরই মনে হয়েছে, তারা যেন ২৫৬ নয়, অনেক কম রানের লক্ষ্য তাড়া করছে। ম্যাচের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করলেন না রজত পাতিদার ও ক্রুণাল পাণ্ড্যরা? শেষ পর্যন্ত ২৫৫ রানের জবাবে আরসিবি থামে ২০০ রানে। কিন্তু এর নেপথ্যে ছিল বিশেষ সমীকরণ।

ম্যাচের আগে পয়েন্ট তালিকায় শীর্ষে ছিল আরসিবি। দ্বিতীয় স্থানে গুজরাট টাইটান্স এবং তিন নম্বরে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। হিসেব অনুযায়ী, হায়দরাবাদ যদি আরসিবিকে বড় ব্যবধানে হারাতে পারত, তাহলেই তারা উঠে যেতে পারত এক নম্বরে। তবে প্রথমে ব্যাট করে ২৫৫ রান তুলে ফেলার পর সমীকরণ বদলে যায়। তখন আরসিবিকে শীর্ষস্থান ধরে রাখতে হলে অন্তত ১৬৬ রান তুলতেই হত।

শুরুর দিকে আক্রমণাত্মক ব্যাটিং করলেও পাওয়ার প্লের পর থেকেই আরসিবি নিজেদের লক্ষ্য বদলে ফেলে। জয়ের বদলে তারা নজর দেয় ১৬৬ রান পেরোনোর দিকে। সেই লক্ষ্য পূরণ করে শেষ পর্যন্ত ২০০ রান তোলে বেঙ্গালুরু।

ফলে ৫৫ রানে হারলেও নেট রান রেটের অঙ্কে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখে আরসিবি। অন্যদিকে ম্যাচ জিতেও তিন নম্বরেই থেকে যায় হায়দরাবাদ। এর ফলে প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে আরসিবি।

এদিকে এখনও চতুর্থ দল নিশ্চিত না হওয়ায় এলিমিনেটরে হায়দরাবাদের প্রতিপক্ষও স্থির হয়নি। তবে প্রথম কোয়ালিফায়ার ঘিরে রয়েছে বৃষ্টির আশঙ্কা। ধর্মশালার সেই ম্যাচের জন্য আবার কোনও রিজার্ভ ডেও রাখা হয়নি। তাই বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার সুবাদে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে আরসিবি। সেক্ষেত্রে গুজরাটকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার, যেখানে তাদের প্রতিপক্ষ হবে এলিমিনেটরের জয়ী দল। সব মিলিয়ে কোয়ালিফায়ারের আগেই অনেকটাই স্বস্তিতে কোহলিদের শিবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.