জেলা

গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নানুর, তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে রাতভর বোমাবাজি,সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতীদের ছবি, আটক ২

বীরভূমের নানুরে ফের রাজনৈতিক অশান্তির আঁচ। শুক্রবার গভীর রাতে তৃণমূল নেতা বাপ্পা চৌধুরীর বাড়ি লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়ার অভিযোগ উঠল। ঘটনায় রাতভর আতঙ্কে ছিলেন এলাকার বাসিন্দারা। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা তাখোরা গ্রাম।

স্থানীয় সূত্রে খবর, নানুরের থুপসারা অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরেই এই হামলা। শুধু বাপ্পা চৌধুরীর বাড়ি নয়, তৃণমূল কর্মী আলো চৌধুরী, রাহুল শেখ, শেখ ফিরোজ, শেখ নাজির এবং আবুল হোসেন শেখের বাড়িও নিশানা করা হয় বলে অভিযোগ।

ঘটনার পর সামনে আসে চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায়, কয়েকজন যুবক ব্যাগ হাতে দ্রুত এলাকা ছেড়ে পালাচ্ছে। অভিযোগ, ওই ব্যাগেই ছিল বোমা। ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

এক তৃণমূল নেতার দাবি, “দল থেকেই বহিষ্কৃত কিছু দুষ্কৃতী এই হামলার সঙ্গে জড়িত। এলাকায় তোলাবাজি এবং দখলদারির রাজনীতি চালাত তারা। এখন প্রতিশোধ নিতেই বোমাবাজি করছে।”

ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। গ্রামে নতুন করে উত্তেজনা ছড়ানো আটকাতে চলছে টহলদারি। পুলিশ সূত্রে খবর, হামলায় জড়িত আরও কয়েকজনের খোঁজ চলছে।

রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শাসকদলের অন্দরেই গোষ্ঠীকোন্দল কতটা ভয়াবহ আকার নিয়েছে, সেই প্রশ্নই এখন ঘুরছে জেলার রাজনৈতিক মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.