জেলা

পাথরপ্রতিমার অচিন্ত্য নগরে কান্নার রোল: ৬ শিক্ষকের চাকরি যাওয়ায় ধুঁকছে ডক্টর বিসি রায় মেমোরিয়াল হাইস্কুল

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্য নগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শ্রীপতিনগরে অবস্থিত ডক্টর বিসি রায় মেমোরিয়াল হাইস্কুলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সুপ্রিম কোর্টের নির্দেশে একসঙ্গে ৬ জন শিক্ষকের চাকরি যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে স্কুলটি। শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে যেখানে ছিলেন মাত্র ৭ জন, সেখানে এখন টিকে রইলেন কেবল টিচার ইন চার্জ। এই পরিস্থিতিতে একা একজন শিক্ষক কীভাবে সামাল দেবেন ৬০০-এর বেশি ছাত্রছাত্রীর পঠনপাঠনের দায়িত্ব, তা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ।
বৃহস্পতিবার রায় ঘোষণার পর শুক্রবার সকালে চাকরি হারানো শিক্ষকরা যখন বিদ্যালয়ে এসে পৌঁছান, তখন এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। দীর্ঘদিনের কর্মস্থল, ছাত্রছাত্রীদের মুখ, সহকর্মীদের সান্নিধ্য – সব যেন চোখের পলকে ধূসর হয়ে গেল। কান্নায় ভেঙে পড়েন শিক্ষকরা। এই স্কুলের সঙ্গে জড়িয়ে ছিল তাঁদের জীবনের দীর্ঘদিনের ইতিহাস, বহু সুখ-দুঃখের স্মৃতি। আজ সেই স্কুলের ভবিষ্যৎই প্রশ্নের মুখে।
চাকরি হারানোর পর ফের পরীক্ষায় বসার অনিশ্চয়তা তাঁদের কুরে কুরে খাচ্ছে। কীভাবে সংসার চলবে, বৃদ্ধ বাবা-মা, স্ত্রী-সন্তানদের ভরণপোষণ কীভাবে হবে – এই চিন্তায় দিশাহারা হয়ে পড়েছেন তাঁরা। তবে নিজেদের কষ্টের ঊর্ধ্বে গিয়ে স্কুলের কথা ভেবেছেন শিক্ষকরা। বুকে পাথর চাপা দিয়ে শুক্রবার তাঁরা বিদ্যালয়ে এসেছিলেন, কারণ তখন ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছিল।
জীবনবিজ্ঞানের শিক্ষক পুষ্পেন্দু পাল কান্নায় ভেঙে পড়ে বলেন, “অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি চলে গেল। এর দায় কে নেবে? বউ, বাবা-মা, সন্তান – তাদের আমি কীভাবে চালাব? হা হুতাশ করা ছাড়া আর কোনও উপায় নেই। তবে বাচ্চাদের পরীক্ষা চলছে, তাই ছুটে এসেছি। আমার বাড়ি সবং-এ হলেও আমি এখানেই থাকি পরিবারের সঙ্গে। সরকারের ভুল নীতির জন্য আজ আমরা বলির পাঁঠা হলাম। ২০১৯ সালের মার্চ মাস থেকে এই স্কুলে যোগ দিয়েছিলাম। আজ একেবারে পথে বসতে হল।”

এই ঘটনা শুধু ৬ জন শিক্ষকের ব্যক্তিগত জীবনের বিপর্যয় নয়, এটি একটি স্কুলের ভবিষ্যৎ এবং সেখানে অধ্যয়নরত বহু ছাত্রছাত্রীর শিক্ষাজীবনের উপর এক বড় আঘাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.