বিনোদন

ছোটা ভাইজান গ্রেপ্তার! দুবাই বিমানবন্দরে আটক আব্দু রজিক, চুরির অভিযোগে তোলপাড়

তাজিকিস্তানি গায়ক ও ‘বিগ বস ১৬’-এর জনপ্রিয় প্রতিযোগী আব্দু রজিককে রবিবার সকালে দুবাই বিমানবন্দরে আটক করা হয়েছে। তাঁর ম্যানেজমেন্ট টিম এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’-এর দাবি, রজিকের বিরুদ্ধে চুরির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার ভোর পাঁচটা নাগাদ মন্টেনেগ্রো থেকে বিমানে দুবাই পৌঁছন এই ভাইরাল গায়ক। বিমানবন্দরে পা দিয়েই তাঁকে আটক করে স্থানীয় কর্তৃপক্ষ। যদিও বিমানবন্দর বা প্রশাসনের পক্ষ থেকে গ্রেপ্তারির সুনির্দিষ্ট কারণ এখনও জানানো হয়নি।

উল্লেখযোগ্য, এর আগেও ২০২৪ সালে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একটি আর্থিক মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। তবে সে সময় তাঁকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়নি বলে দাবি করা হয়েছিল। আব্দু রজিক ‘ওহি দিলি জোর’, ‘চাকি চাকি বোরন’, ‘মোদার’-এর মতো একাধিক জনপ্রিয় গান গেয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মন জয় করেছেন। ২০২২ সালে আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে ‘এক লড়কি কো দেখা’ গানটি গেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।

তবে তাঁর ভারতীয় পরিচিতি মূলত গড়ে ওঠে ‘বিগ বস ১৬’-এর মাধ্যমে। সালমান খানের সঙ্গে তাঁর বন্ধুত্ব, ‘ছোটা ভাইজান’ নামে গান সবই ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। ছোটবেলায় এক বিরল রোগের কারণে শরীরের বৃদ্ধি থেমে গেলেও, জীবনযুদ্ধে হার মানেননি আব্দু। রাস্তায় গান গাওয়া থেকে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে কোটি টাকার মালিক হওয়া পর্যন্ত তাঁর যাত্রা অনেকের কাছে অনুপ্রেরণা। তবে তাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে হতবাক অনুরাগীরা। অনেকেই বলছেন, ‘ছোটা ভাইজান’ এমন কাজ করতে পারেন, এটা বিশ্বাসযোগ্য নয়। এখন সকলের নজর বিমানবন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.