শাহরুখ খানের বাংলোতে ঈদের পাশাপাশি সবরকম ধর্মীয় উৎসব যেমন দিওয়ালি, গণেশ পুজো, ক্রিসমাস পালিত হয়। এবারের গণেশ পুজোতেও খান পরিবার মেতে ওঠেন। দেশজুড়ে মঙ্গলবার থেকে পালিত হচ্ছে গণেশ পুজো। এবারও সেই উৎসবে গা ভাসালেন কিং খান সহ তার স্ত্রী গৌরী এবং তার সন্তান। এমনকি বাদশাহ তার পরিবারের সঙ্গে পৌঁছে গিয়েছিলেন আম্বানিদের বাড়ির গণেশ পুজোতে। সেই ভিডিও বর্তমানে নেটপাড়ার ভাইরাল।
ভিডিওতে দেখা যায় যে নীতা আম্বানি নিজের বাড়ির পুজোতে বাদশাহকে পেয়ে খুব খুশি।একদিকে পুরোহিতের দেওয়া গেরুয়া উত্তরীয় গলায় জড়িয়ে শাহরুখ গণপতিকে সন্ধ্যারতি করে। এমনকি তাকে বাপ্পার আশীর্বাদও নিতে দেখা গেল। অন্যদিকে কিং খানের ছোট ছেলে অ্যাব্রামের সঙ্গে দীপিকা পাড়ুকোনের খুনসুটিও নজরে পড়ল। তার সঙ্গে ছিলেন সুহানা ও গৌরী খানও।
প্রতিবছরের মতো এবারও আম্বানিদের গণেশ পূজোতে গোটা বলিউড আমন্ত্রিত ছিল। শাহরুখের পাশাপাশি গোটা বচ্চন পরিবার, শাহিদ কাপুর , সিদ্ধার্থ-কিয়ারা, রণবীর-দীপিকা, অনিল কাপুর, রেখা,দুই মেয়ে খুশি-জাহ্নবীকে নিয়ে হাজির ছিলেন বনি কাপুরও।







