মুম্বই: সোমবার রাত প্রায় ৯টা নাগাদ মুম্বইয়ের জুহু এলাকায় চাঞ্চল্য ছড়াল এক ভয়াবহ পথ দুর্ঘটনাকে ঘিরে। অভিনেতা অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নার কনভয়ের একটি বিলাসবহুল মার্সেডিজ গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি অটোরিক্সা। মুখোমুখি সংঘর্ষে মার্সেডিজ গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর জখম হন দু’জন, তবে অক্ষয় ও টুইঙ্কল অক্ষত রয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই সময় অক্ষয় ও টুইঙ্কল কনভয়ের পিছনের ইনোভা গাড়িতে ছিলেন। মুম্বই বিমানবন্দর থেকে নিজেদের জুহুর বাসভবনের দিকে যাচ্ছিলেন তাঁরা। কনভয়ের সামনের দিকের গাড়িতে দ্রুত গতিতে আসা একটি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে মার্সেডিজটি উল্টে গিয়ে রাস্তার ধারে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় অটোচালক ও তাতে থাকা এক যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। আপাতত দু’জনেই চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।
ইতিমধ্যেই দুর্ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার পাশে উল্টে পড়ে রয়েছে কোটি টাকা দামের মার্সেডিজ গাড়িটি এবং সম্পূর্ণ ভেঙে পড়েছে অটোরিক্সাটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, কনভয় স্বাভাবিক গতিতেই চলছিল। হঠাৎ করেই দ্রুত গতির অটোরিক্সাটি সামনে থেকে এসে ধাক্কা মারে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।







