সময়ের চাপ, কাজের ব্যস্ততা আর দৈনন্দিন দায়িত্ব—সব মিলিয়ে অনেক সময়েই সম্পর্কে জমে ওঠে ক্লান্তি। ভালোবাসা থাকে, কিন্তু তাকে উপভোগ করার অবকাশ আর মেলে না। তখন প্রয়োজন হয় একান্ত সময়ের, যেখানে থাকবে না পরিবারের কোলাহল বা সন্তানের দায়িত্ব। ঠিক এই ভাবনাকে সামনে রেখেই দেশে গড়ে উঠেছে কিছু ‘অ্যাডাল্ট-অনলি’ হোটেল, যেখানে নির্দিষ্ট বয়সের কম শিশুদের প্রবেশ নিষেধ। দম্পতিদের জন্য এই জায়গাগুলি যেন সম্পর্ক ঝালিয়ে নেওয়ার আদর্শ ঠিকানা।
হিমালয়ের কোলে নিভৃত অবকাশ
উত্তরাখণ্ডে শিবালিক পর্বতের পাদদেশে অবস্থিত এই বিলাসবহুল হোটেলটি ১৪ বছরের নিচে শিশুদের জন্য নিষিদ্ধ। সামনে বিস্তৃত হিমালয়ের দৃশ্য, চারপাশে নিস্তব্ধতা। দম্পতিদের জন্য রয়েছে বিশেষ রোম্যান্টিক ও হানিমুন প্যাকেজ। প্রকৃতির মাঝে এক কাপ চা হাতে বসে সময় কাটাতে কাটাতে অনেক অজান্তেই হালকা হয়ে আসে মনের ভার।
দক্ষিণ ভারতের ‘স্কটল্যান্ড’ কুর্গ
পশ্চিমঘাটের সবুজ পাহাড় আর কফি বাগানের মাঝে থাকা এই রিসর্টে ১২ বছরের কম বয়সিদের প্রবেশের অনুমতি নেই। নিজস্ব সানডেকে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা আলাদা মাত্রা যোগ করে সম্পর্কে। বছরের বিশেষ সময়ে এখানে বিশেষ প্যাকেজও পাওয়া যায়, যা দম্পতিদের কাছে বেশ জনপ্রিয়।
সমুদ্রসৈকতে একান্ত সময়
গোয়ার বাগা নদীর ধারে অবস্থিত এই রিসর্টে ১৮ বছরের নিচে কারও প্রবেশ নেই। ব্যক্তিগত বিচ, বিলাসবহুল থাকার ব্যবস্থা এবং নিরিবিলি পরিবেশ—সব মিলিয়ে এটি দম্পতিদের স্বপ্নের গন্তব্য। তবে এই অভিজ্ঞতার জন্য পকেট একটু ভারি থাকতেই হবে।
আধ্যাত্মিক ছোঁয়ায় সম্পর্কের নবজাগরণ
হৃষিকেশের এই অ্যাডাল্ট রিট্রিটে প্রকৃতি আর আধ্যাত্মিকতার মেলবন্ধন। আয়ুর্বেদিক স্পা, যোগচর্চা ও নির্জন পরিবেশ দম্পতিদের মানসিক শান্তি এনে দেয়। পাহাড় আর গঙ্গার মাঝে কাটানো সময় সম্পর্কে এনে দিতে পারে নতুন দিশা।







