টলিউডে নতুন ধারার রহস্যঘেরা সিরিজ ‘তারকাটা’ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। কিন্তু শ্যুটিং চলাকালীনই ঘটল অঘটন। সিরিজের কাজ করতে গিয়েই পায়ে চোট পেলেন জনপ্রিয় অভিনেতা বিক্রম চ্যাটার্জী। শুধু অভিনয় নয়, এই সিরিজের প্রযোজনার দায়িত্বও সামলাচ্ছেন তিনি। ফলে ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে টলিউড মহলে।
জানা গিয়েছে, শ্যুটিংয়ের সময় পায়ে চোট পান বিক্রম। পরে তিনি নিজেই সামাজিক মাধ্যমে পায়ে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি শেয়ার করেন। চোটের কারণে আপাতত সিরিজের শ্যুটিং কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রাম নিচ্ছেন অভিনেতা।‘তারকাটা’ সিরিজে একাধিক পরিচিত মুখকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সত্যম ভট্টাচার্য, দেবেশ রায়চৌধুরী, সুস্মিতা রায় ও আয়ুষ দাসসহ আরও অনেকে। সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘বেলাইন’খ্যাত নির্মাতা শামিক চৌধুরী।
শোনা যাচ্ছে, এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা ছিল পরিচালক সুজিত মুখোপাধ্যায়েরও। অতীতে নিজের ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করলেও এবার তাঁকে বড় ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। তবে বর্তমানে তাঁর অভিনয় করা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা যাচ্ছে।গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক প্রাক্তন পুলিশ অফিসার, যিনি একটি রহস্যময় খুনের তদন্ত করতে আবার কাজে ফিরবেন। সেই পুলিশ অফিসারের চরিত্রেই অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়।







