বারো বছর পর রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি। মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তার অনুশীলন পর্বে দেখা গেল এক ভিন্নধর্মী প্রস্তুতি।
সকালে একটি কালো পোরশে গাড়ি থেকে নামলেন কোহলি, সঙ্গে দিল্লি দলের কোচ সরনদীপ সিং। শুরুতেই সতীর্থদের সঙ্গে ফুটবল ড্রিল ও স্প্রিন্টে অংশ নেন তিনি। এরপর শুরু হয় তার ব্যাটিং অনুশীলন।
প্রথমে পাতলা ব্লেডের ব্যাট নিয়ে থ্রোডাউনের বিপক্ষে ব্যাট করলেন কোহলি। ফ্রন্ট ফুট ও ব্যাকফুট মিলে ১৫ মিনিটের এই সেশনে আক্রমণ ও রক্ষণাত্মক শটের মিশ্রণ দেখা গেল। এরপর স্পিনারদের মুখোমুখি হন তিনি, যেখানে বাঁহাতি স্পিনার হর্ষ ত্যাগী ও ডানহাতি অফস্পিনার সুমিত শর্মার বল কিছুটা চ্যালেঞ্জিং হলেও আত্মবিশ্বাসী দেখাল তাকে।
পরবর্তী সেশনে পেসারদের বল সামলাতে গিয়ে বাঁহাতি সিদ্ধান্ত শর্মার কয়েকটি ডেলিভারি মিস করলেও, কোচের পরামর্শে গার্ড বদলে সেট হয়ে যান। নবদীপ সাইনির বলেও ছিলেন স্থির। পেছনের পায়ের ভরসায় শর্ট বল পাঞ্চ ও মিডউইকেটে স্ট্রোক খেলা ছিল চোখে পড়ার মতো।
এদিকে, আট বছর বয়সী ভক্ত কবীর কোহলির প্রতিটি শট গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছিল। কোহলিও অনুশীলন শেষে তার ব্যাটে সই দিয়ে তাকে উপহার দেন।
ক্যাচিং ড্রিলের মধ্য দিয়ে দিন শেষ করেন কোহলি। রঞ্জি ট্রফিতে তার প্রত্যাবর্তন শুধু দিল্লি দলে নয়, ভক্তদের মনেও নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।







