গত মরশুমে স্বপ্নের মতো অভিষেক। তারপর থেকেই ভারতীয় ক্রিকেটে নতুন বিস্ময় হিসেবে উঠে এসেছে Vaibhav Suryavanshi। আইপিএলের মঞ্চ পেরিয়ে বিশ্ব ক্রিকেটেও যার দাপট নজর কেড়েছে, সেই কিশোর ক্রিকেটারের সামনে এবার আরও কঠিন চ্যালেঞ্জ। দ্বিতীয় মরশুমে তাঁকে ঘিরে বাড়তি নজর ও প্রত্যাশা—এই পরিস্থিতিতে সতর্কবার্তা দিলেন Riyan Parag।
Rajasthan Royals-এর নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরাগ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বৈভবকে প্রচারের ঝলকানি থেকে দূরে রাখাই দলের লক্ষ্য। তাঁর কথায়, “ওকে নিয়ে এবার অনেক মাতামাতি হবে। কিন্তু অধিনায়ক হিসেবে আমি চাই, ও যেন শুধু নিজের খেলায় মন দেয়। চাপের বড় অংশ সামলাবে যশস্বী।”
আসন্ন মরশুমে ওপেনিং জুটিতে Yashasvi Jaiswal-এর সঙ্গে দেখা যেতে পারে বৈভবকে। মাত্র ১৫ বছরে পা দিতে চলা এই ব্যাটারের জন্য পরিকল্পনাও স্পষ্ট রাজস্থানের। পরাগের বার্তা, “মাঠে গিয়ে বল দেখো, আর মারো। এর বাইরে কিছু ভাবার দরকার নেই।”
তিনি আরও জানান, অধিনায়ক হিসেবে বৈভবকে মিডিয়ার অতিরিক্ত মনোযোগ থেকে দূরে রাখার দায়িত্বও নেবেন তিনি। “সংবাদমাধ্যমের সামনে কম যাওয়া, কম কথা বলা—এই বিষয়গুলো আমরা দেখব। ও শুধু খেলা উপভোগ করুক,” বলেন পরাগ।
গত আইপিএলে অভিষেকের পর থেকেই আলোচনার কেন্দ্রে বৈভব। গুজরাটের বিরুদ্ধে ৩৫ বলে শতরান এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তাঁকে রাতারাতি তারকা করে তোলে।
একই সতর্কবার্তা দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার Aakash Chopra। তাঁর মতে, “বড় ফ্র্যাঞ্চাইজিতে খেললে প্রচার আসবেই। কিন্তু সেই আলো যেন ক্রিকেটারের মানসিকতায় প্রভাব না ফেলে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
সব মিলিয়ে, প্রতিভার ঝলক দেখানো কিশোরের সামনে এবার সবচেয়ে বড় পরীক্ষা—নিজেকে মাটিতে রেখে ধারাবাহিকতা বজায় রাখা। দ্বিতীয় আইপিএল মরশুমে তাই বৈভব সূর্যবংশীর দিকে তাকিয়ে থাকবে গোটা ক্রিকেট বিশ্ব।







