এই মুহূর্তে দেশের বাইরে, লন্ডনে পরিবার নিয়ে বসবাস করলেও হঠাৎই কয়েকদিন আগে ভারতে ফিরে এসেছিলেন ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলি। যেহেতু সেই সময় ফুটবল তারকা লিওনেল মেসিও এ দেশে ছিলেন, তাই নেটপাড়ায় গুঞ্জন উঠেছিল দুই মহাতারকার বুঝি এবার দেখা হবে! কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে জানা গেল, মেসির জন্য নয়, বিরাটের ভারতে আসার মূল কারণ ছিল আধ্যাত্মিক শান্তি।
কোহলি সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন। রাঁচি, রায়পুর, বিশাখাপত্তনমে তার ব্যাটে ছিল রানের বন্যা। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচে তিনি মোট ৩০২ রান করেছেন, যার গড় ১০০-এর উপরে। এই পারফরম্যান্সের সুবাদে তিনি আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন। সিরিজ শেষ হওয়ার পরই তিনি দেশ ছেড়েছিলেন, কিন্তু রবিবারই স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে মুম্বই বিমানবন্দরে তাকে দেখা যায়।মুম্বইয়ে মেসির অনুষ্ঠানে শচীন তেণ্ডুলকর উপস্থিত থাকলেও বিরাটকে সেখানে দেখা যায়নি। দিল্লিতেও মেসির কোনো অনুষ্ঠানে তিনি যাননি। দুই খেলার অনুরাগীরা এই দুই তারকাকে এক ফ্রেমে দেখার জন্য মুখিয়ে থাকলেও, সেই স্বপ্ন পূরণ হয়নি।
মেসি ভারত ছাড়ার ঠিক পরের দিনই বিরাট-অনুষ্কাকে দেখা গেল উত্তর প্রদেশের বৃন্দাবনে। তারা সেখানে প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন। তারকা দম্পতিকে মহারাজের সঙ্গে একান্ত আলাপচারিতায় মগ্ন থাকতে দেখা যায়, যার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে মহারাজকে কোহলিকে উপদেশ দিতে শোনা যায়, “নিজের কাজকে ভগবানের সেবা বলে মনে করো। আর খুব নাম জপ করো।”
উল্লেখ্য, চলতি বছরে এই নিয়ে তৃতীয়বারের মতো বিরাট এবং অনুষ্কা এই প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন। এমনকি, শোনা যায়, টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরপরই বিরাট একবার এই আশ্রমে ছুটে গিয়েছিলেন মানসিক শান্তি খুঁজতে। এতেই পরিষ্কার, ক্রিকেট মাঠের বাইরে তাদের জীবনে আধ্যাত্মিকতার টান কতটা গভীর।







