চাকরি হারানো শিক্ষকদের দাগি তালিকায় উঠে এল ভাঙড়ের বিজেপি নেতা অবনী মণ্ডলের ছেলে অতনু মণ্ডলের নাম। হাইকোর্টের নির্দেশে প্রকাশিত স্কুল সার্ভিস কমিশনের তালিকা ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শাসকদল ঘনিষ্ঠদের নাম ওঠা নিয়েই যখন সরগরম রাজনীতি, তখনই বিজেপি নেতার ছেলের নাম যুক্ত হওয়ায় উলটপুরাণ তৈরি হয়েছে।
শনিবার রাতে এসএসসি প্রথমে ১৮০৪ জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করে। পরে আরও দু’জনের নাম যুক্ত করে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়। সেখানেই ২০০ নম্বরে রয়েছে অতনু মণ্ডলের নাম। জানা গিয়েছে, তিনি ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি ভাঙড় ১ ব্লকের নারায়ণপুর হাই স্কুলে (ওল্ড সাইট) বাংলার শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন।
স্কুল সূত্রে জানা গিয়েছে, ছাত্রদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন অতনু। ক্লাস নেওয়া ছাড়াও ছাত্র-ছাত্রীদের সঙ্গে মেলামেশা ও নানা কাজে তিনি যুক্ত থাকতেন। তবে হাইকোর্টের নির্দেশে তাঁর বেতন বন্ধ হয়ে যায়। পরে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে কিছুদিন বেতন চালু হলেও শেষ পর্যন্ত চাকরি খোয়াতে হয় তাঁকে। সেই সময় থেকেই স্কুলে যাওয়া বন্ধ করে দেন অতনু, বেতনও আর পাননি।
অবনী মণ্ডল অবশ্য দাবি করেছেন, “আমার ছেলে কতটা যোগ্য, তা ওর সহকর্মী শিক্ষক-শিক্ষিকারাই বলতে পারবেন। কোনও তৃণমূল নেতার সঙ্গে আমার যোগাযোগ নেই। আমার ছেলে আবারও আইনের দ্বারস্থ হয়েছে।”
এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।







