নিজস্ব সংবাদদাতা:ধোনি, সচিনের পর এবার শুরু হচ্ছে সৌরভকে নিয়ে বায়োপিক। গত দু’বছর ধরে জল্পনা চলছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্র নিয়ে। কে হবে পর্দার সৌরভ তা নিয়ে এত দিন ধোঁয়াসা ছিল। উঠে এসেছিল বেশ কিছু তারকার নাম।যার মধ্যে সব থেকে চর্চিত ছিল রণবীর কপূর ও হৃতিক রোশনের নাম। তবে এ বার সেই ধোঁয়াসা কাটল।সূত্রের খবর, এদের কেউ-ই নন, বরং ‘প্রিন্স অফ ক্যালকাটা’র চরিত্রে দেখা যাবে অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। ইতিমধ্যেই শেষ হয়েছে চিত্রনাট্য লেখার কাজ, শুটিং শুরু হবে বছরের শেষে, ডিসেম্বর মাস থেকেই।
রজনীকান্ত-কন্যা, ঐশ্বর্যা রজনীকান্ত পরিচালিত এই ছবির চিত্রনাট্যের বিষয়ে বেশ সাবধানী ছিলেন সৌরভ। ছবির চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে ঘন ঘন মুম্বাইতে দেখা গিয়েছিল তাকে। শেষমেশ আয়ুষ্মানকেই পছন্দ হয় নির্মাতাদের। ভারতীয় ক্রিকটে দলের প্রাক্তন অধিনায়কের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য আগামী মাস থেকেই শুরু হবে কঠোর প্রশিক্ষণ। তবে একটি জায়গা আয়ুষ্মানের মিল রয়েছে সৌরভের সঙ্গে। আয়ুষ্মান নাকি সৌরভের মতোই বাঁ-হাতি। তাই তাঁর চরিত্রকে ফুটিয়ে তোলাটা অভিনেতার ক্ষেত্রে সুবিধাজনক হবে বলেই মনে করা হচ্ছে। তবে পুরোপুরি সৌরভের মতো হয়ে উঠতে অনেক প্রশিক্ষণের প্রয়োজন অভিনেতার।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কদের মধ্যে সৌরভের আগে মহেন্দ্র সিংহ ধোনি থেকে বিতর্কিত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের জীবনের চিত্রায়ণ হয়েছে বড় পর্দায়। দুটি ছবিই বক্স অফিসে হিট্। এ বার সৌরভের জীবনীচিত্র কি টেক্কা দিতে পারে এই দুই তারকার ছবিকে এখন সেটাই দেখার!







