জেলা

সময় পেরিয়েও ভোটগ্রহণ দিনহাটায়, পাহারা দিল কেন্দ্রীয় বাহিনী

নির্ধারিত সময়ের পরও চলল ভোট, আলো কমে আসায় বসানো হল অতিরিক্ত ব্যবস্থা

দিনহাটা: নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ভোটগ্রহণ থামল না দিনহাটায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর (West Bengal Assembly Election 2026) প্রথম দফায় দিনহাটার আইটিআই কলেজ ভোটকেন্দ্রে দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। নির্বাচন কমিশনের (Election Commission of India) নির্ধারিত সময় ছিল সন্ধে ৬টা পর্যন্ত। কিন্তু শেষ ভোট পড়ল প্রায় সন্ধে ৭টার সময়।

সূত্রের খবর, সন্ধে ৬টার সময় প্রিসাইডিং অফিসার নিজ দায়িত্বে বুথের বাইরে এসে লাইনে থাকা ভোটারদের জানান, যাঁরা ভিতরে রয়েছেন তাঁদের ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। এরপর নতুন করে স্লিপ ইস্যু করে ধাপে ধাপে ভোটগ্রহণ প্রক্রিয়া চালানো হয়।

সময় পেরিয়ে যাওয়ার পরও ভোটগ্রহণ অব্যাহত থাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। সন্ধে নামার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে অতিরিক্ত আলোয়ের ব্যবস্থা করা হয় যাতে ভোটগ্রহণে কোনও সমস্যা না হয়। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর আরও একটি টিম মোতায়েন করা হয় এলাকাটিতে।

অবশেষে প্রায় সন্ধে ৭টার সময় শেষ ভোটার তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। তারপরও কিছুক্ষণ ভোটকর্মীরা অভ্যন্তরীণ কাজ সম্পন্ন করেন বলে জানা গিয়েছে।

শুধু দিনহাটা নয়, একই ধরনের চিত্র দেখা গিয়েছে জলপাইগুড়ির কিছু বুথেও। সেখানে নির্ধারিত সময় পেরিয়েও ভোটগ্রহণ চলেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

এবারের প্রথম দফার ভোটে নজিরবিহীন ভোটদানের হার লক্ষ্য করা গেছে। রাজ্যজুড়ে প্রায় ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন জেলায় ভোটদানের হারও বেশ উঁচু। মুর্শিদাবাদে ৯৩ শতাংশ, বর্ধমানে ৮৭ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৯২ শতাংশ, পূর্ব মেদিনীপুরে প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে। একইভাবে কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে পৌঁছেছে ৯৪ শতাংশে।

ভোটদানের এই রেকর্ড হার এবং নির্ধারিত সময় পেরিয়েও ভোটগ্রহণ চলা—সব মিলিয়ে এবারের নির্বাচনকে ঘিরে জনউৎসাহ ও প্রশাসনিক তৎপরতা দুই-ই নজর কাড়ছে রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.