ভাড়াবাড়ির খাটের নিচ থেকে উদ্ধার হলো সুটকেসবন্দি এক পড়ুয়ার মৃতদেহ। বয়স মাত্র ১৯। মালদহের বাসিন্দা মৃতের নাম সাজিদ হোসন। খবর পেয়েই পরিবারের লোকেরা কলকাতায় এসে থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে অনুমান করা চারজনকে আটক করা হয়েছে।
সাজিদ হোসন নিট পরীক্ষার প্রস্তুতির জন্য কলকাতায় একাই এসেছিলেন। নিউডাউনের মহিষ বাথানের কাছে একটি ভাড়া বাড়ি থাকতেন তিনি। গত ৪ই অক্টোবর থেকে পরিবারের কারোর সাথেই কথা হয়নি তার। এরই মধ্যে এদিন রাতে সাজিদের সহপাঠীরা তার বাড়িতে ফোন করে সাজিদের নিখোঁজের কথা জানায়। বৃহস্পতিবার কলকাতায় এসেই থানায় মিসিং ডায়েরি করেন মৃতের বাবা। এদিন বিকেলে একটা অচেনা নম্বর থেকে সাজিদের বাবার ফোনে একটা ছবি আসে। তাতে দেখা গেছে সাজিদকে আটক করে মুখে কালো টেপ বেঁধে রাখা হয়েছে। অপরাধীরা ৩০ লক্ষ টাকা দাবি করেছে।
আজ সকালে ভাড়া বাড়ি থেকে পাওয়া গেলো সুটকেস বন্দী সাজিদের মৃত দেহ। সূত্রের খবর, পুলিশ নিশ্চিত যে তাকে খুন করা হয়েছে। কিন্তু কেন করা হয়েছে আর কারা করেছে সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে বলে জানাচ্ছে পুলিশ প্রশাসন। ছেলের মৃত্যুতে শোকাহত গোটা পরিবার।







