জেলা

বসিরহাট স্টেশনে ‘বুলেট ট্রেন’ আতঙ্ক! AI ভিডিও ভাইরাল, যাত্রীদের দাবি কড়া পদক্ষেপের

বসিরহাট স্টেশন থেকে বুলেট ট্রেন ছুটে আসছে—এমন দৃশ্য কি সত্যি? না, আসলে এটা মাত্র ৮ সেকেন্ডের AI-তে বানানো ভিডিও। কিন্তু সেই ভিডিও ঘিরে এখন রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া, আর আতঙ্কে যাত্রীরা।

বসিরহাট মহকুমার শিয়ালদহ-হাসনাবাদ লাইনের বসিরহাট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীরা অপেক্ষা করছেন, আর হঠাৎই আপ বুলেট ট্রেন ছুটে আসছে—এই দৃশ্য ধরা পড়েছে ভাইরাল হওয়া এক AI ভিডিওতে। চোখ ধাঁধানো এই ভিডিওর ভেতরেই লুকিয়ে রয়েছে বিভ্রান্তি ও আতঙ্ক। যেখানে এখনো AC ট্রেনের দেখা নেই, সেখানে বুলেট ট্রেন মানে স্বপ্ন—কিন্তু এই স্বপ্নই এখন গুজবের রূপ নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তেই রাজ্যের বিভিন্ন জায়গায় তা নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। অনেক যাত্রী ক্ষোভ উগরে দিয়ে বলছেন, এভাবে ভুল তথ্য ছড়ালে যে কোনও সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। রেল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কাছে তাদের দাবি—যারা এই ধরনের গুজব রটাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়া হয়।

যাত্রীদের মতে, এর আগে সোশ্যাল মিডিয়ায় স্কুলে বাঘ ঢোকার কিংবা মালঞ্চের ব্রিজ ভেঙে পড়ার ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছিল। এবার সেই তালিকায় যোগ হলো বুলেট ট্রেন। এমন প্রবণতা যদি এখনই বন্ধ না হয়, তাহলে আগামী প্রজন্মের কাছে যাবে ভুল বার্তা।

শুভঙ্কর নন্দী, কলেজ পড়ুয়া: “আমরা রেলের সময়সূচি দেখে স্টেশনে আসি, এই ধরনের গুজব ছড়ালে আতঙ্ক তৈরি হবে। কড়া ব্যবস্থা দরকার।”

শেখ সাইফুদ্দিন, রেল যাত্রী: “বসিরহাটে বুলেট ট্রেন? এটা তো হাস্যকর। এই ধরনের ভিডিও বানিয়ে পোস্ট করা বন্ধ করতে হবে।”

সৌরভ মন্ডল, যাত্রী: “আজ বুলেট ট্রেন, কাল অন্য কিছু—এভাবে চললে মানুষ ভুল খবরেই বিশ্বাস করবে। পুলিশকে ব্যবস্থা নিতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.