জেলারাজনীতি

প্রচারের শেষ লগ্নে গুলি, রক্তাক্ত তৃণমূল কর্মী — হালিশহরে উত্তেজনা চরমে

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে প্রচারের শেষ লগ্নে রক্তাক্ত হল হালিশহর। শনিবার সন্ধ্যায় বীজপুর বিধানসভা এলাকায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলিবর্ষণের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা শিল্পাঞ্চলে।
আহত তৃণমূল কর্মীর নাম প্রসেনজিৎ মৌলিক ওরফে রাজা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাসবাটি নর্থ রোডের বাসিন্দা রাজা শনিবার সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ডের মিস্রি পুকুর রোডে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই বাইকে করে মুখ ঢাকা কয়েকজন দুষ্কৃতী সেখানে হাজির হয় এবং তাঁকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি গুলি রাজার পেটে লাগে। তবে বাকি দু’টি গুলি তাঁর পকেটে থাকা মোবাইল ফোনে আটকে যায়—যা বড়সড় বিপদ থেকে তাঁকে রক্ষা করেছে বলেই মনে করা হচ্ছে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় হামলাকারীরা।
রক্তাক্ত অবস্থায় রাজাকে দ্রুত উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। শুরু হয়েছে তল্লাশি অভিযান।
আহত রাজা জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে অন্তত তিনজনকে তিনি চিনতে পেরেছেন। তবে হামলার পিছনে নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে একাধিক জায়গায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এই ঘটনার পর উত্তর ২৪ পরগনায় শাসকদল ও বিরোধী শিবিরের মধ্যে তরজা তীব্র হয়েছে। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
ভোটের মুখে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল বাড়ানো হয়েছে। এখন দেখার, কত দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে পারে পুলিশ এবং ভোটের আগে পরিস্থিতি কতটা স্বাভাবিক করা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.