বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়, ঠিক তখনই প্রশাসনিক স্তরে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোটের আগে আইনশৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখতে রাজ্যের সব নির্বাচনী কাজে যুক্ত পুলিশকর্মীদের বদলি ও পোস্টিং দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে জানানো হয়েছে, আগামী ১৫ই ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
এই বিষয়ে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ২০২৬-এর বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য পুলিশ প্রশাসনে রদবদল অত্যন্ত জরুরি। আগেও এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছিল, তবে এবার সময় বেঁধে দেওয়ায় প্রশাসনের উপর চাপ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। নির্দেশ অনুযায়ী, বদলি ও পোস্টিং সম্পূর্ণ হওয়ার পর বিস্তারিত কমপ্লায়েন্স রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জমা দিতে হবে, যা পরবর্তীতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে।
দোরগোড়ায় রাজ্যের বিধানসভা ভোট। নির্বাচনের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে চলতি মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার সম্ভাবনা রয়েছে। সেই সফরের আগেই প্রশাসনিক খুঁটিনাটি গুছিয়ে নিতে চাইছে কমিশন। এছাড়াও শুক্রবার বিধানসভা নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সহ শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে পুলিশকর্মীদের বদলি, নিরাপত্তা পরিকল্পনা ও নির্বাচনকালীন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সব মিলিয়ে, নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ বদলি প্রক্রিয়া রাজ্য প্রশাসনের কাছে এখন অগ্রাধিকারের বিষয়।







