রাজনীতি

‘তৃণমূলের গোটা বাহিনীই এখন বিজেপি’ — মমতার গ্রহণযোগ্যতা নিয়েই বড় প্রশ্ন সুজনের

রবীন্দ্র জয়ন্তীতে বিজেপি বিরোধী মহাজোটের ডাক দিয়েছিলেন Mamata Banerjee। পাল্টা তোপ দাগলেন Sujan Chakraborty— ‘বিজেপিকে বাংলায় প্রতিষ্ঠা দেওয়ার দায় মমতারই।’

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে ফের তীব্র হচ্ছে বিরোধী রাজনীতির সংঘাত। একদিকে ব্রিগেডে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে Suvendu Adhikari-র শপথ গ্রহণ, অন্যদিকে কালীঘাটে বসেই বিজেপি বিরোধী বৃহত্তর জোটের ডাক দিলেন Mamata Banerjee। তবে সেই আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল নেত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে রাজনৈতিক বিতর্ক আরও উসকে দিলেন বাম নেতা Sujan Chakraborty।
শনিবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নিজের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলায় বিজেপির উত্থান ঠেকাতে সব বিরোধী শক্তিকে একজোট হতে হবে। বাম, অতি-বাম, ছাত্র-যুব সংগঠন— সকলকেই এক ছাতার তলায় আসার আহ্বান জানান তিনি। এমনকি রাজনৈতিক মতপার্থক্য ভুলে বৃহত্তর স্বার্থে একসঙ্গে চলার বার্তাও দেন তৃণমূল সুপ্রিমো।
কিন্তু সেই বক্তব্যকে কার্যত খারিজ করে দিয়ে সুজন চক্রবর্তী স্পষ্ট ভাষায় বলেন, বিজেপি অবশ্যই একটি ‘ভয়ঙ্কর ফ্যাসিবাদী শক্তি’ এবং তাকে রুখতে হবে। তবে সেই লড়াইয়ের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন কি না, তা নিয়েই তাঁর বড় প্রশ্ন।
সুজনের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সেই ক্রেডিবিলিটি আছে? যাঁর আমলেই বিজেপি বাংলায় শক্তি বৃদ্ধি করেছে, যিনি একসময় বিজেপিকে নিজের ‘ন্যাচরাল অ্যালাই’ বলেছিলেন, তিনি এখন হঠাৎ বিরোধী ঐক্যের মুখ হবেন কীভাবে?”
এখানেই থামেননি তিনি। তৃণমূল থেকে একের পর এক নেতার বিজেপিতে যোগদানের প্রসঙ্গ টেনে সুজনের কটাক্ষ, “ওনার গোটা বাহিনীই তো এখন বিজেপি।”
বাম নেতার দাবি, শুধু বাংলায় বিজেপির উত্থানই নয়, জাতীয় স্তরেও বিরোধী ঐক্যে বারবার ফাটল ধরিয়েছে তৃণমূল। ফলে এখন মমতার ডাকে সর্বদলীয় ঐক্য গড়ে উঠবে— এমন সম্ভাবনা তিনি দেখছেন না বলেই ইঙ্গিত দেন।
একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন সুজন। তাঁর বক্তব্য, “উনি এখনও ঠিক কী অবস্থানে আছেন, বিরোধী রাজনীতিতে কী ভূমিকা নিতে চাইছেন— সেটা স্পষ্ট নয়।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি সরকার গঠনের পর রাজ্যে বিরোধী রাজনীতির নতুন সমীকরণ তৈরি হলেও, বিরোধী শিবিরের অভ্যন্তরীণ অবিশ্বাস এখনই স্পষ্ট হয়ে উঠছে। আর সেই কারণেই বিজেপি বিরোধী বৃহত্তর জোটের পথ যে মোটেও সহজ নয়, তা শনিবারের ঘটনাপ্রবাহেই পরিষ্কার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.