বিশ্ব

ইরান-ইজরায়েল যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি খারিজ! তেহরান জানাল, “সমঝোতা হয়নি”

যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, “ছ’ঘণ্টার মধ্যে সংঘর্ষ থামবে, দু’দেশই রাজি।” কিন্তু তেহরান যেন স্পষ্ট বার্তায় সেই ‘শান্তির’ সুর কেটে দিল। জানিয়ে দিল, “যুদ্ধবিরতির কোনও চুক্তি হয়নি”।

মঙ্গলবার ভোরে (ভারতীয় সময় সকাল ৬টা ১৬-এ) ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির টুইটে একরকম ট্রাম্পকে খণ্ডন করল তেহরান। তাঁর দাবি, এখনও পর্যন্ত যুদ্ধ থামানোর বিষয়ে কোনও ঐকমত্য হয়নি। তবে ইজরায়েল হামলা বন্ধ রাখলে, ইরানও নতুন করে আক্রমণে যাবে না।

এই টুইট সামনে আসার পরেই জল্পনা ছড়িয়েছে— তাহলে কি পিছনের দরজায় শান্তির আলোচনা চলছে? কারণ দ্বিতীয় একটি পোস্টে আরাগচি জানালেন, ইজরায়েলের শেষ মুহূর্তের হামলার জবাব দিচ্ছে ইরানের সেনা, এবং তারা সেই ‘প্রতিরোধের’ জন্য সেনাকে ধন্যবাদ জানাচ্ছেন। তাহলে কি সেটাই শেষ হামলা? উঠছে প্রশ্ন।

ইজরায়েল যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনও যুদ্ধবিরতির ঘোষণা করেনি, তবে সিএনএনের প্রতিবেদন বলছে, হোয়াইট হাউস সূত্রে খবর— ইজরায়েল শর্তসাপেক্ষে রাজি হয়েছে সংঘর্ষ থামাতে, যদি ইরান প্রথমে আক্রমণ না করে।

আসলে কে আগে থামাবে? কে দোষী? আর কে শান্তির বার্তা বহন করছে? এই প্রশ্নেই এখন মধ্যপ্রাচ্যের আকাশ জর্জরিত। ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতির আশায় বুক বাঁধলেও, ইরান স্পষ্ট করে দিল— তাদের হাত থেকে অস্ত্র পড়ে যায়নি।

এখন নজর ভোরের দিকে… প্রশ্ন একটাই— থামবে তো?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.