ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিল বিসিসিআইয়ের (BCCI) সাম্প্রতিক সিদ্ধান্ত। আইপিএল ২০২৫ (IPL 2025)-এর জন্য ধারাভাষ্য প্যানেলের তালিকা প্রকাশ করেছে বোর্ড, যেখানে নেই ইরফান পাঠানের (Irfan Pathan) নাম। দীর্ঘদিন ধরে ধারাভাষ্যে জনপ্রিয় মুখ হলেও এবার তাকে বাদ দেওয়া হয়েছে, যা ক্রিকেট মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্রের খবর, কিছু ভারতীয় ক্রিকেটারের অভিযোগের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অভিযোগ, ধারাভাষ্যে ব্যক্তিগত রেষারেষির কারণে কিছু ক্রিকেটারকে অতিরিক্ত সমালোচনা করেছেন ইরফান। এমনকি এক তারকা ক্রিকেটার নাকি পাঠানের নম্বর পর্যন্ত ব্লক করে রেখেছেন! অস্ট্রেলিয়া সফরের সময় এক ক্রিকেটারকে নিয়ে পাঠানের করা মন্তব্যই নাকি বোর্ডের নজরে আসে। আন্তর্জাতিক ও আইপিএল ম্যাচ চলাকালীন কিছু ক্রিকেটারের সঙ্গে তার আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে বিসিসিআই।
এই ঘটনা অবশ্য নতুন কিছু নয়। অতীতেও বিতর্কিত মন্তব্যের কারণে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছেন সঞ্জয় মঞ্জরেকর ও হর্ষ ভোগলে। ২০২০ সালে রবীন্দ্র জাদেজাকে ‘বিটস অ্যান্ড পিসেস’ ক্রিকেটার বলার পর মঞ্জরেকরকে সরিয়ে দিয়েছিল বোর্ড। হর্ষ ভোগলেও ২০১৬ সালে অজ্ঞাত কারণে বাদ পড়েছিলেন।
এবারের আইপিএলে স্টার স্পোর্টস ১০টি ভাষায় ম্যাচ সম্প্রচার করবে, আর ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে জিও হটস্টার। সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, শিখর ধাওয়ান, এবি ডি ভিলিয়ার্সসহ একঝাঁক তারকা ধারাভাষ্যকারদের তালিকায় জায়গা পেয়েছেন। কিন্তু পাঠানের অনুপস্থিতি এবার ‘অফ দ্য ফিল্ড’ বিতর্কের জন্ম দিল, যা আরও কিছুদিন আলোচনার কেন্দ্রে থাকবে নিশ্চিত!







