বিধানসভায় এখনও পর্যন্ত শোভনদেব চট্টোপাধ্যায়-কে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতার মর্যাদা না দেওয়া এবং তাঁর করা আরটিআই-কে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই আবহেই গোটা বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিধানসভার সচিব সৌমেন্দ্রনাথ দাস। তাঁর দাবি, শোভনদেবকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় বিধি মেনে চলেনি তৃণমূল কংগ্রেস।
বিতর্কের সূত্রপাত হয় এই কারণে যে, এখনও পর্যন্ত বিধানসভায় বিরোধী দলনেতার নির্দিষ্ট কক্ষ শোভনদেব চট্টোপাধ্যায়কে দেওয়া হয়নি। যদিও তৃণমূল পরিষদীয় দল আগেই তাঁকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করার কথা জানিয়েছিল। তবে সংশ্লিষ্ট ঘর এখনও তালাবন্ধ অবস্থাতেই রয়েছে।
বিধানসভার সচিব একটি চিঠির উল্লেখ করে জানান, তৃণমূলের তরফে জমা দেওয়া আবেদনের সঙ্গে কোনও রেজুলিউশন কপি বা বিধায়কদের লিখিত সমর্থনপত্র সংযুক্ত ছিল না। অর্থাৎ, কতজন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষে মত দিয়েছেন, তার কোনও নথিভুক্ত তথ্য সেখানে উল্লেখ করা হয়নি। একই ধরনের ত্রুটি দেখা গিয়েছে ফিরহাদ হাকিম-কে চিফ হুইপ করার আবেদনেও। সচিবের বক্তব্য, এই প্রশাসনিক ও আইনি ঘাটতির কারণেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দলীয় সিদ্ধান্তের রেজুলিউশন কপি চেয়েছিলেন, যা এখনও জমা পড়েনি।
চিঠি দেখিয়ে সৌমেন্দ্রনাথ দাস বলেন, শোভনদেবকে বিরোধী দলনেতা করার পক্ষে কতজন সদস্য মত দিয়েছেন, তার কোনও উল্লেখ ওই আবেদনে ছিল না। একইভাবে ফিরহাদ হাকিমকে চিফ হুইপ করার ক্ষেত্রেও সমর্থনের তথ্য অনুপস্থিত ছিল।
আরটিআই-এর উত্তরে বিধানসভার সচিব আরও জানান, বিধানসভার অভ্যন্তরে অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগ নেই। যদিও স্পিকার নির্বাচনের দিন শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতার রীতি মেনে কিছু আনুষ্ঠানিকতা পালনের অনুমতি দেওয়া হয়েছিল, তবুও পরে প্রয়োজনীয় নথি চাওয়ার অধিকার বিধানসভা কর্তৃপক্ষের রয়েছে বলেও স্পষ্ট করা হয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র জমা না পড়া এবং নিয়ম সংক্রান্ত জটিলতার জেরে শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়টি এখন পুরোপুরি অধ্যক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলেই জানিয়েছেন বিধানসভার সচিব সৌমেন্দ্রনাথ দাস।







