পশ্চিম এশিয়ায় উত্তেজনা এবং হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার জেরে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। সোমবার থেকে দেশজুড়ে জ্বালানির দামে লিটার প্রতি প্রায় আড়াই টাকার বেশি বৃদ্ধি হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৩.৫১ টাকা। দিল্লিতে পেট্রোল ১০২.১২ টাকা এবং ডিজেল ৯৫.২০ টাকায় পৌঁছেছে। মুম্বই ও চেন্নাইতেও জ্বালানির দামে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।
গত ১৫ মে প্রথম দফায় দাম বৃদ্ধির পর মাত্র দু’সপ্তাহের মধ্যে এটি চতুর্থ দফার মূল্যবৃদ্ধি। এর আগে শনিবারও প্রতি লিটারে প্রায় ১ টাকা করে দাম বাড়ানো হয়েছিল। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দাবি, আন্তর্জাতিক বাজারের তুলনায় এখনও পেট্রোল ও ডিজেল কম দামে বিক্রি হচ্ছে। ফলে আগামী দিনে আরও দাম বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক অস্থিরতার পাশাপাশি অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে দেশের বাজারে। সাধারণ মানুষের চাপ কমাতে কেন্দ্র ভর্তুকি দিতে পারে কি না, সেদিকেই নজর। একই সঙ্গে রাজ্য সরকার কর কমালে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মত অর্থনৈতিক মহলের।







