নিজস্ব সংবাদদাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরও চাপে পড়ল অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন অভিজ্ঞ পেসার জশ হেজ়লউড। বিশ্বকাপ শুরুর আগে তাঁর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
৩৫ বছরের এই ফাস্ট বোলারের পরিবর্তে এখনও পর্যন্ত নতুন কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করেনি নির্বাচকরা। আগে মনে করা হচ্ছিল, বিশ্বকাপের মাঝামাঝি বা শেষের দিকে হেজ়লউড দলে যোগ দিতে পারেন। কিন্তু শুক্রবার জানানো হয়েছে, সেই সম্ভাবনাও কার্যত নেই। ফলে হেজ়লউডকে ছাড়াই বিশ্বকাপে নামতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।
এর আগে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিচেল স্টার্ক। চোটের কারণে বিশ্বকাপে খেলছেন না অধিনায়ক প্যাট কামিন্সও। ফলে হেজ়লউড ছিটকে যাওয়ায় এক সঙ্গে প্রথম সারির তিন পেসারকেই হারাল অস্ট্রেলিয়া। বোলিং আক্রমণের দায়িত্ব এখন নেথান এলিস ও বেন ডোয়ারশুইসের উপরেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক টনি ডোডমেড জানান,
“আমরা ভেবেছিলাম সুপার এইট পর্বে হেজ়লউড ফিট হয়ে যাবে। কিন্তু এখন বোঝা যাচ্ছে, সুস্থ হতে আরও সময় লাগবে। ওকে খেলালে ঝুঁকি থেকে যাবে। তাই আপাতত কোনও বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করা হচ্ছে না। প্রথম দিকের ম্যাচগুলোর জন্য দল প্রস্তুত। প্রয়োজনে পরবর্তী পর্যায়ে পরিবর্তন করা হতে পারে।”
বিশ্বকাপের আগে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ থাকলেও তা বাতিল হয়ে যায়। ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে ছ’দিন সময় পাচ্ছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের ম্যাচগুলি তারা খেলবে কলম্বো ও পাল্লেকেলেতে।
উল্লেখ্য, গোড়ালির চোটের কারণে আগের অ্যাশেজ সিরিজেও খেলতে পারেননি হেজ়লউড। এ বার বিশ্বকাপেও ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়ার হয়ে তাঁর ভবিষ্যৎ নিয়েই প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে।







