সামসেরগঞ্জ থানার এক সিভিক ভলেন্টিয়ারের সহযোগিতায় শেষ মুহূর্তে অ্যাডমিট খুঁজে পেয়ে পরীক্ষায় বসতে পারলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠে পরীক্ষা দিতে এসে অ্যাডমিট হারিয়ে ফেলেন সামশেরগঞ্জের নিমতিতা জিডি ইনস্টিটিউশনের এক মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর মাত্র কয়েক মিনিট আগে অ্যাডমিট খুঁজে না পেয়ে কার্যত কান্নাকাটি শুরু করে সে। পরীক্ষার হল থেকে বেরিয়ে স্কুল গেট পর্যন্ত ছুটে এসে বিষয়টি সামশেরগঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ার বিপুল সিংহকে জানায় ওই ছাত্রী। অ্যাডমিটটি টোটোতে ফেলে এসেছেন বলে অনুমান করে মাধ্যমিক পরীক্ষার্থী।
ছাত্রীকে নিয়ে বাইকে করে সাজুর মোড়ের দিকে ছুটে যান সিভিক ভলেন্টিয়ার বিপুল সিংহ। বাসুদেবপুর সংলগ্ন এলাকায় টোটোটি দেখতে পেয়ে টোটো চালককে জিজ্ঞেস করেন তারা। তখনই টোটোতেই অ্যাডমিটটি পরে থাকতে দেখা যায় ।
সিভিক ভলেন্টিয়ারের সহযোগিতায় তড়িঘড়ি সেই অ্যাডমিটটি নিয়ে সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠে পরীক্ষা সেন্টারে পৌঁছান ওই মাধ্যমিক পরীক্ষার্থী।







