রান্নার গ্যাস গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর দিল কেন্দ্র সরকার। এলপিজি ও পিএনজি পরিষেবার নিয়মে গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে, যার ফলে উপকৃত হবেন দেশের কোটি কোটি গ্রাহক। নতুন নির্দেশিকা অনুযায়ী, কেউ পিএনজি (পাইপড ন্যাচারাল গ্যাস) সংযোগ নিলেও তাঁকে আর বাধ্যতামূলকভাবে এলপিজি কানেকশন ছাড়তে হবে না।
সরকার জানিয়েছে, পিএনজি নেওয়ার পর গ্রাহক চাইলে ৩০ দিনের মধ্যে এলপিজি সংযোগ বন্ধ করার আবেদন করতে পারবেন। আবার ভবিষ্যতের প্রয়োজনের কথা মাথায় রেখে বিশেষ ট্রান্সফার ভাউচারের মাধ্যমে পুরনো এলপিজি কানেকশন পুনরায় চালুও করা যাবে। ফলে চাকরিসূত্রে বদলি, পড়াশোনা বা অন্য কারণে ঘন ঘন এলাকা বদল করা মানুষদের আর নতুন করে গ্যাস সংযোগ নেওয়ার ঝামেলায় পড়তে হবে না।
বিশেষ করে যেসব এলাকায় পিএনজি পরিষেবা নেই, সেখানে পুরনো এলপিজি সংযোগ সহজেই ফের সক্রিয় করা যাবে। বর্তমানে এলপিজি সিলিন্ডারের জোগান সমস্যার মধ্যে সরকার পিএনজি ব্যবহারে উৎসাহ দিচ্ছে। পাশাপাশি সাত দিনের মধ্যে পিএনজি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশও দেওয়া হয়েছে। এর ফলে এলপিজির উপর চাপ কমবে এবং দুই পরিষেবার মধ্যে আরও ভালো সমন্বয় গড়ে উঠবে।







