ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি-কে গভীর রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে পাকিস্তান-এ। বিরোধী দল পিটিআই-এর নেতারা দাবি করেছেন, জেলে থাকা এই দম্পতির সঙ্গে মানবাধিকারবিরোধী আচরণ করা হচ্ছে এবং তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা থেকেও বঞ্চিত রাখা হচ্ছে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের তথ্য ও জনসংযোগ মন্ত্রী শাফি জান অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে ইমরান খান ও বুশরা বিবির মৌলিক অধিকার খর্ব করছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই তাঁদের পরিবারের সদস্য এবং দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার ক্ষেত্রে নানা বাধা সৃষ্টি করা হচ্ছে।
পেশোয়ারে এক সাংবাদিক বৈঠকে শফি জান বলেন, ইমরান খান গত কয়েক মাস ধরে চোখের সমস্যায় ভুগছেন। কিন্তু তাঁর চিকিৎসা নিয়ে পর্যাপ্ত স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না। তিনি অভিযোগ করেন, সম্প্রতি গভীর রাতে জেল কর্তৃপক্ষ গোপনে ইমরান ও বুশরাকে একটি হাসপাতালে নিয়ে গেলেও সেই চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মন্ত্রী আরও দাবি করেন, জেলবন্দি দম্পতিকে তাঁদের ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া উচিত এবং উন্নত চিকিৎসার স্বার্থে তাঁদের দ্রুত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা প্রয়োজন।
একইসঙ্গে তিনি দেশের বিচার ও প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও তোলেন। তাঁর বক্তব্য, অতীতে জেলে থাকা রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে যে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, ইমরান খানের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটছে।
শুধু মানবাধিকার নয়, দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন শফি জান। তাঁর দাবি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং জ্বালানির দামের লাগাতার বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। পাশাপাশি খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাপ্য আর্থিক বরাদ্দ আটকে রাখার অভিযোগও তোলেন তিনি।
পিটিআই নেতৃত্ব জানিয়েছে, ইমরান খান ও বুশরা বিবির চিকিৎসার অধিকার এবং মুক্তির দাবিতে আগামী দিনে আরও বৃহত্তর রাজনৈতিক কর্মসূচি নেওয়া হবে। দলীয় সূত্রের দাবি, সরকারবিরোধী আন্দোলনের পরবর্তী রণকৌশল নির্ধারণের ক্ষেত্রেও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গভীর রাতের এই হাসপাতাল-পর্বকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা শুরু হয়েছে। জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন যত বাড়ছে, ততই চাপ বাড়ছে সরকারের উপর।







