চিনের উত্তর প্রান্তে শিশুদের মধ্যে নিউমোনিয়া ছড়িয়ে পড়ছে। ক্রমশঃ ভয়াবহ হয়ে উঠছে এই রোগ। মহামারীর আকার নিচ্ছে নিউমোনিয়া। এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করল স্বাস্থ্যমন্ত্রক। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতে যদি কোনওভাবে নিউমোনিয়া ছড়িয়ে পড়ে, তাহলে কীভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করা হবে, সে বিষয়ে আলোচনা করছে স্বাস্থ্যমন্ত্রক।
পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তবে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। তবে জরুরি পরিস্থিতির জন্য তৈরি থাকছে স্বাস্থ্যমন্ত্রক। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে, অবিলম্বে হাসপাতালগুলিকে তৈরি রাখতে হবে এবং জনস্বাস্থ্যের উপর নজর রাখতে হবে।
স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানানো হয়েছে, এখনই স্বাস্থ্যব্যবস্থার উপর নজরদারি চালাতে হবে। হাসপাতালগুলি যথেষ্ট তৈরি কি না, সেটা দেখতে হবে। হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যক চিকিত্সক ও স্বাস্থ্যকর্মী আছেন কি না সেটা খতিয়ে দেখতে হবে। হাসপাতালে যথেষ্ট শয্যা আছে কি না সেদিকে নজর রাখতে হবে। প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সরঞ্জাম মজুত রাখতে হবে। মেডিক্যাল অক্সিজেন, অ্যান্টিবায়োটিক, পিপিই কিট, টেস্টিং কিট-সহ প্রয়োজনীয় সব জিনিস মজুত রাখতে হবে। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট, ভেন্টিলেটর-সহ সব যন্ত্রাংশ ঠিকমতো কাজ করছে কি না, সেটাও খতিয়ে দেখতে হবে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোখার জন্যও ব্যবস্থা নিতে হবে। সংক্রমণ রোখার ব্যবস্থা আছে কি না সেটাও খতিয়ে দেখতে হবে।







