খেলাধুলা

বিশ্বকাপের আগে ভিসা বিতর্ক, ইরান দলকে ২৪ ঘণ্টার মধ্যেই আমেরিকা ছাড়ার নির্দেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভিসা এবং যাতায়াত সংক্রান্ত বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে। অভিযোগ, বিশ্বকাপের ম্যাচ খেলতে মার্কিন মুলুকে গেলেও ইরান ফুটবল দলকে ২৪ ঘণ্টার বেশি সেখানে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না। নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আমেরিকা।

ইরানকে জানানো হয়েছে, ম্যাচের দিন সকালে যুক্তরাষ্ট্রে পৌঁছে খেলা শেষ হওয়ার পরই তাদের আবার মেক্সিকোয় ফিরে যেতে হবে। মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও এই তথ্য নিশ্চিত করেছেন। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতির জেরে দলকে নির্দেশ দেওয়া হয়েছে যে, যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলে এক দিনের মধ্যেই ফিরে আসতে হবে। গ্রুপ পর্বে ইরানের ম্যাচ রয়েছে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। সেই প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যেই মেক্সিকোয় পৌঁছে গিয়েছে ইরান দল।

ভিসা জটিলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইরানের রাষ্ট্রদূত আবোলফাজি পাসানদিদেহ বলেন, “সকালে আমেরিকায় পৌঁছে আমাদের সেদিনই ফিরে আসতে হবে।” তাঁর অভিযোগ, নিরাপত্তার কারণ দেখিয়ে ইচ্ছাকৃতভাবে ইরানের প্রতিনিধিদের যাতায়াতে বাধা তৈরি করছে ওয়াশিংটন। যদিও মার্কিন প্রশাসনের দাবি, নিরাপত্তা নিশ্চিত করতে এবং কোনও অনুপ্রবেশের ঝুঁকি এড়াতেই ভিসা প্রক্রিয়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

দীর্ঘ টানাপোড়েনের পর ইরানের ফুটবলাররা ভিসা পেলেও দলের সাপোর্ট স্টাফ, কর্মকর্তা এবং অন্যান্য সদস্যদের অনেকেই এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। এই পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইরান শিবির। রবিবার স্থানীয় সময় সকালে মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছনোর পর ইরানের অভিজ্ঞ ডিফেন্ডার এহসান হাজসফিও ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে আমেরিকার সমালোচনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.