দিল্লির রাজনৈতিক মহলে তৃণমূল কংগ্রেসের একাংশের নজিরবিহীন পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। সোমবার লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়ে আলাদা গোষ্ঠী বা ‘তৃণমূল ব্লক’ গঠনের আবেদন জানান দলের এক ডজন সাংসদ। রাজনৈতিক মহলের একাংশের মতে, দলত্যাগ বিরোধী আইনের সম্ভাব্য জটিলতা এড়াতেই এই কৌশল নেওয়া হয়েছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার সরব হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ করে অধীর বলেন, “এই ধরনের রাজনৈতিক কারসাজি বা চাতুরি করার কোনও প্রয়োজন ছিল না। যদি বিজেপির সঙ্গেই যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সরাসরি এনডিএ-তে যোগ দেওয়াই বেশি সৎ ও গ্রহণযোগ্য পদক্ষেপ হত।”
অধীর চৌধুরীর দাবি, দীর্ঘদিন বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করার পর এখন পরিস্থিতির চাপে অনেকেই অবস্থান বদল করছেন। তাঁর কথায়, “এতদিন বিজেপির বিরোধিতা করে শেষে যদি তাদের সঙ্গেই যেতে হয়, তাহলে ঘুরিয়ে-পেঁচিয়ে নয়, সরাসরি যাওয়াই উচিত। দলত্যাগ বিরোধী আইনের ভয়েই এই আলাদা ব্লক তৈরির চেষ্টা।”
তিনি আরও বলেন, সংসদের ভেতরে আলাদা গোষ্ঠী গঠন করে রাজনৈতিক অবস্থান বদলের চেষ্টা আসলে এক ধরনের আইনি সুরক্ষা খোঁজার প্রচেষ্টা। দেশের উন্নয়নের স্বার্থে কাজ করার কথা যদি সত্যিই বলা হয়, তাহলে বিজেপির সঙ্গে সরাসরি মিশে যাওয়াই বেশি স্বচ্ছ রাজনৈতিক অবস্থান হতো বলে মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের অভ্যন্তরীণ সংকটের এই অধ্যায়ে কংগ্রেসের এমন আক্রমণাত্মক অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে তৃণমূল নেতৃত্ব দলের ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে বিরোধী শিবিরের নেতাদের এই ধারালো সমালোচনা গোটা ঘটনাকে আরও রাজনৈতিক গুরুত্ব এনে দিয়েছে। ফলে দিল্লির সংসদীয় রাজনীতিতে নবগঠিত এই ‘বিদ্রোহী ব্লক’কে ঘিরে বিতর্ক ও চাপ আগামী দিনে আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।







