বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষ ও গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার দলের নতুন রাজ্য সভাপতি হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্যের নাম ঘোষণা হতেই প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন বজবজের বর্ষীয়ান তৃণমূল বিধায়ক অশোক দেব। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত হিসেবে পরিচিত এই নেতার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
গত সপ্তাহে দলের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দিয়ে সংগঠনের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে নতুন রাজ্য কমিটি গঠন করা হয়। শারীরিক অসুস্থতার কারণে সুব্রত বক্সিকে রাজ্য সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে সেই দায়িত্ব দেওয়া হয় চন্দ্রিমা ভট্টাচার্যকে। আর এই সিদ্ধান্ত নিয়েই আপত্তি তুলেছেন অশোক দেব।
সোমবার বিধানসভা চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “চন্দ্রিমাকে সভাপতি করা হয়েছে খবরের মাধ্যমে জানতে পেরেছি। আমাদের কিছুই জানানো হয়নি। এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দলের সকলের সঙ্গে আলোচনা হওয়া উচিত ছিল।”
এখানেই থেমে থাকেননি তিনি। অশোক দেবের প্রশ্ন, “যিনি নিজেই নির্বাচনে জিততে পারেননি, তিনি কীভাবে গোটা সংগঠন পরিচালনা করবেন? তিনি কি জেলার নেতাদের চেনেন? দলের মধ্যে কি আর কোনও যোগ্য নেতা ছিলেন না?” এমনকি তিনি মন্তব্য করেন, মদন মিত্রকে সভাপতি করা হলেও অন্তত রাস্তায় নেমে আন্দোলন করার নেতৃত্ব পাওয়া যেত।
দীর্ঘদিনের অনুগত হয়েও দলের কাছে নিজের প্রাপ্য না পাওয়ার আক্ষেপও শোনা যায় তাঁর কথায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোট-পরবর্তী সময়ে তৃণমূলের সাংগঠনিক ভিত যে নড়বড়ে হয়ে উঠেছে, অশোক দেবের এই বিস্ফোরক মন্তব্য তারই স্পষ্ট ইঙ্গিত। আগামী দিনে এই অসন্তোষ আরও বড় আকার নেয় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।







