ওপার বাংলায় আন্দোলন , এপার বাংলায় প্রতিবাদ। বাংলাদেশে হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় সরব হয়েছেন কলকাতার হিন্দুত্ববাদী মানুষের একাংশ । মঙ্গলবার কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে তীব্র আন্দোলন চলে । এরপর পুলিশ এসে সেই বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে , তাদের আন্দোলন ছত্রভঙ্গ করে। আন্দোলনকারীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পুলিশের । এই ঘটনায় মোট ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ ।
বুধবার তাদের আলিপুর আদালতে তোলা হয়। এরমধ্যে মোট ১২ জন পুরুষ আন্দোলনকারীদের ২ দিনের কারাদন্ড ও বাকি ৭ জনকে জামিন দেয় আদালত। এদিন আদালতে সরকারী আইনজীবি অভিযুক্তদের বিরুদ্ধে কুশপুতুল ছুঁড়ে মারার অভিযোগ আনেন। এই ঘটনায় ৮ জন আহত হন ও ২ জন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিচারককে আইনজীবি জানান ,”ওনাদের না থামালে তার প্রভাব অন্য কিছু হত। আন্তর্জাতিক চাপ আসত। আপনারা বিক্ষোভ দেখাতে গিয়ে আগুন লাগিয়ে দেবেন!” এছাড়াও, পুলিশ কর্মীদের রাস্তায় ফেলে পেটানো হয়েছে বলে অভিযোগও তোলেন ওই আইনজীবি।
অন্যদিকে বিক্ষোভকারীদের আইনজীবির অভিযোগ , “বাংলাদেশে একজন হিন্দুকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই ইস্যুতে সাধারণ হিন্দুরা বিক্ষোভ দেখাচ্ছিল। শান্তিপূর্ণভাবে। এটা ঘোষিত ছিল। তিন স্তরে নিরাপত্তা ব্যারিকেড ছিল। প্রথম ব্যারিকেড এর সামনে কুশপুতুল দাহ করা হয়। গার্ডওয়াল ধাক্কা দেয়। লাঠিচার্জ করে পুলিশ। তার জেরে হিন্দুরা ডেপুটেশন দিতে পারে না। পুলিশ আটক করল কয়েকজনকে। এর জেরে পুলিশ মামলা করল যে ওরাই নাকি আহত হয়েছে।”







