কলকাতা: রাজনৈতিক টানাপোড়েনের আবহে এবার নতুন বিতর্কে জড়াল তৃণমূল কংগ্রেসের অস্থায়ী রাজ্য সদর দফতর। ইএম বাইপাস সংলগ্ন বহুল পরিচিত ‘তৃণমূল ভবন’ খালি করে দেওয়ার দাবিতে প্রগতি ময়দান থানার দ্বারস্থ হলেন বাড়ির মালিকপক্ষ। অভিযোগ, একাধিকবার অনুরোধ এবং যোগাযোগের চেষ্টা করেও কোনও সুরাহা না মেলায় বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে হয়েছে।
বাড়িটির মালিক মডার্ন ডেকরেটার্সের কর্ণধার মন্টু সাহার ছেলে অমিত সাহা জানান, অবিলম্বে ভবনটি খালি করার আবেদন জানিয়ে থানায় ডায়েরি করা হয়েছে। তাঁর দাবি, গত ১৫ দিন ধরে তৃণমূলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি। ফলে কার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা হবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অমিত সাহার বক্তব্য, করোনাকালে হোটেল ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর ২০২২ সালে এক বছরের জন্য ভবনটি ভাড়া নেয় তৃণমূল কংগ্রেস। তখন জানানো হয়েছিল, নতুন স্থায়ী তৃণমূল ভবনের কাজ সম্পূর্ণ হলেই এই বাড়ি ছেড়ে দেওয়া হবে। পরবর্তীতে চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হলেও এখনও ভবনটি ফেরত মেলেনি।
মালিকপক্ষের দাবি, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তখন জুলাই মাসের মধ্যে ভবন খালি করে দেওয়ার আশ্বাস পাওয়া যায় বলে দাবি তাঁদের। তবে বর্তমানে দলের কোনও নেতার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও অভিযোগ।
রবিবার ভবনটি পরিদর্শনে গিয়ে মালিকপক্ষ দেখতে পায়, নির্বাচনের ফল ঘোষণার পর থেকে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে অফিসটি। ভবনের রক্ষণাবেক্ষণের অবস্থাও অত্যন্ত খারাপ বলে অভিযোগ তাঁদের।
এখন দেখার, মালিকপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে এবং অস্থায়ী তৃণমূল ভবন নিয়ে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়।







