নিজস্ব সংবাদদাতা: আনন্দপুরের নাজিরাবাদের একটি নামী মোমো সংস্থার বিশাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চরম অনিশ্চয়তায় ২০টি পরিবার। রবিবার গভীর রাতে লাগা আগুনে এখনও পর্যন্ত সাতটি দগ্ধ দেহাংশ এবং তিনটি নরকঙ্কাল উদ্ধারের খবর মিলেছে। তবে প্রকৃতপক্ষে কতজনের প্রাণহানি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সোমবার রাত ৯টার পরেও গুদামের ভিতরে ধিকিধিকি করে আগুন জ্বলতে দেখা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত আনুমানিক ৩টে নাগাদ ওই গুদামে আগুন লাগে। গুদামটি একটি নামী মোমো কোম্পানির, যেখানে বিপুল পরিমাণ নরম পানীয় ও শুকনো খাবারের প্যাকেট মজুত ছিল। দাহ্য সামগ্রীর কারণে মুহূর্তে আগুন ভয়াবহ আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে দমকলের ১২টি ইঞ্জিন নামানো হলেও প্রায় ১৯ ঘণ্টা পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডের পর থেকে এখনও পর্যন্ত ২০ জন কর্মীর খোঁজ পাওয়া যায়নি। তাঁদের পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া দেহাংশগুলি মানুষের না কি অন্য কোনও প্রাণীর, তা এখনও নিশ্চিত করা যায়নি। চরমভাবে দগ্ধ হওয়ায় শনাক্তকরণ অসম্ভব বলে জানিয়েছেন তদন্তকারীরা। ভিসেরা পরীক্ষার মাধ্যমে পরিচয় নির্ধারণের চেষ্টা চলছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের কাজে লাগানো হয়েছে।
বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমার জানান, ‘‘ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।’’
এই অগ্নিকাণ্ড ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিরোধীদের অভিযোগ, প্রশাসনিক গাফিলতিতেই এত বড় দুর্ঘটনা। সোমবার ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম। দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘‘দুটি বড় গোডাউন ছিল। কী ভাবে আগুন লাগল এবং কেন রাতে এত লোক সেখানে ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।’’
পাল্টা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, ‘‘পশ্চিমবঙ্গে নিয়মিত এমন ঘটনা ঘটছে। এটা প্রশাসনিক ব্যর্থতারই ফল।’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ‘‘সরকার কার্যত ছুটিতে। আমার জেলা পূর্ব মেদিনীপুরের এক যুবকও ওই গোডাউনে কাজ করতেন, এখনও তাঁর খোঁজ মেলেনি।’’
এদিকে, স্বজনহারানোর আশঙ্কায় ভেঙে পড়েছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা। গড়িয়া থেকে ঘটনাস্থলে ছুটে আসা এক মহিলা কান্নায় ভেঙে পড়ে জানান, ‘‘রাত ৩টেয় ফোন করে বলেছিল, আগুনে আটকে পড়েছে। বলেছিল—আর পাঁচ মিনিট। তার পর আর কোনও খবর নেই।’’
পোড়া গন্ধে ভারী বাতাস, ধ্বংসস্তূপের সামনে অসহায় মানুষের আর্তনাদ—আনন্দপুরের নাজিরাবাদ এখন এক ভয়াবহ বিপর্যয়ের নীরব সাক্ষী। তদন্তের দিকে তাকিয়ে গোটা রাজ্য।







