নাগেরবাজার উড়ালপুলে ফের মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া গতির একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক মোটরবাইক আরোহী। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এয়ারপোর্টের দিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি চারচাকা গাড়ি। সেই সময় নাগেরবাজারের দিক থেকে এয়ারপোর্টমুখী একটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় বাইক আরোহী উড়ালপুলের উপর থেকে ছিটকে নীচে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রায় ৫০ বছর বয়সী ওই ব্যক্তির।
দুর্ঘটনার পর উড়ালপুল জুড়ে ছড়িয়ে পড়ে বাইকের ভাঙা অংশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। এমনকি আরেকটি বাইকের সঙ্গেও ধাক্কা লাগে বলে অভিযোগ। যদিও সেই বাইক আরোহী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটিও।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ। ঘাতক গাড়ি ও চালককে আটক করা হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের একাংশের অভিযোগ, উড়ালপুলে দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে যান চলাচল হচ্ছে, অথচ নিয়ন্ত্রণে পর্যাপ্ত নজরদারি নেই।
উল্লেখ্য, এর আগেও নাগেরবাজার উড়ালপুলে একাধিক ভয়াবহ দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। দ্রুতগতির গাড়ির ধাক্কায় উড়ালপুল থেকে ছিটকে পড়ে মৃত্যুর নজির অতীতেও রয়েছে। ফলে ফের একই ধরনের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে উড়ালপুলের নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে।







