মুক্তির পর থেকেই অভিনয় এবং গল্প বলার ধরন নিয়ে প্রশংসা কুড়িয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘বান্দর’। বিশেষ করে অভিনেতা ববি দেওল -এর অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে। তবে প্রশংসা সত্ত্বেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না ছবিটি।
ট্রেড রিপোর্ট অনুযায়ী, মুক্তির পঞ্চম দিনে ছবিটির আয় নেমে এসেছে প্রায় ৪০ লক্ষ টাকায়। ফলে পাঁচ দিনের শেষে ভারতের বাজারে ‘বান্দর’-এর মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে আনুমানিক ৩.১৫ কোটি টাকা।
আইন ও বিচারব্যবস্থাকে কেন্দ্র করে তৈরি এই লিগ্যাল ড্রামাটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে। কিন্তু সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এবং বড় বাজেটের বাণিজ্যিক ছবির সঙ্গে প্রতিযোগিতার কারণে দর্শকসংখ্যা বাড়াতে পারেনি ‘বান্দর’।
ছবির আয়ের হিসাব বলছে, প্রথম দিনে ৫০ লক্ষ টাকা দিয়ে যাত্রা শুরু করলেও সপ্তাহের মাঝামাঝি এসে সংগ্রহে বড়সড় পতন দেখা দিয়েছে। ট্রেড বিশেষজ্ঞদের মতে, প্রথম সপ্তাহ শেষে ছবিটির মোট আয় ৩.৫ থেকে ৪.৫ কোটির মধ্যে থাকতে পারে।
সমালোচকদের প্রশংসা আর বক্স অফিসের বাস্তবতার মধ্যে ব্যবধান যে এখনও রয়ে গেছে, ‘বান্দর’-এর পারফরম্যান্স যেন সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল।







