বিশ্বকাপ অভিযান দুরন্তভাবে শুরু করল জার্মানি। প্রথমবার বিশ্বকাপে খেলা কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টে নিজেদের শক্তির প্রমাণ দিল জুলিয়ান নাগেলসম্যানের দল। এই জয়ের মাধ্যমে ২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ৭-১ জয়ের স্মৃতিও ফিরিয়ে আনল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। ষষ্ঠ মিনিটে ফ্লোরিয়ান উইর্ৎজের দুরন্ত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফিলিক্স নামেচা। তবে চমক দেখায় কুরাসাও। ২১তম মিনিটে লিভানো কোমেনেনসিয়া গোল করে ম্যাচে সমতা ফেরান। বিশ্বকাপের ইতিহাসে নিজের দেশের প্রথম গোলও করেন তিনি।
সমতা ফিরলেও এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় জার্মানি। নিকো স্লটারব্যাকের হেডারে ফের এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি থেকে গোল করেন কাই হাভার্টজ। বিরতির পর মাঠে নেমেই স্কোরলাইন ৪-১ করেন জামাল মুসিয়ালা।
এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি জার্মানদের। ধারাবাহিক আক্রমণে আরও গোল করেন ব্রাউন ও ডেনিজ উনদাভ। ম্যাচের শেষদিকে নিজের দ্বিতীয় গোল করে জার্মানির ৭-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন হাভার্টজ।
এই ম্যাচে মোট ছয়জন ফুটবলার গোলের খাতা খুলেছেন জার্মানির হয়ে। পাশাপাশি এই জয় শুধু বিশ্বকাপে দাপুটে সূচনাই নয়, ইতিহাসও গড়েছে জার্মানি। বিশ্বকাপের মঞ্চে মোট ২৩৯ গোল করে তারা ব্রাজিলকে পিছনে ফেলে টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক গোল করা দেশের তকমাও নিজেদের দখলে নিয়েছে।







